কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ২০২০ বিদায়। স্বাগত ২০২১। ক্রীড়াক্ষেত্রে একঝলক ঘটনা তুলে ধরা হল। অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর মেলবোর্নে দুরন্ত জয় ভারতের। অজিঙ্ক রাহানের ১১২ রানের ইনিংসের সৌজন্যে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জয়ী ভারত। বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দেন রাহানে।
আইসিসি-র দশক সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি। দশকের সেরা ওয়ান-ডে ক্রিকেটারও হলেন ভারতীয় অধিনায়ক বিরাট।
আইসিসি নির্বাচিত মহিলাদের দশক সেরা ওয়ান-ডে-তে স্থান পেলেন বাংলার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হরমনপ্রীত কৌরদের ভারতীয় দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত। স্মৃতি মন্ধানাদের আগ্রাসী ক্রিকেটে খুশি দেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান-ডে সিরিজে ১-২ ফলাফলে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বিরাট কোহলির ভারতের। ফলাফল ২-১। সিরিজ সেরার পুরস্কার জয়ী হয়েছেন হার্দিক পাণ্ডা।
২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপের জন্য যা পিছিয়ে গেল ২০২২ সালে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে ভারতেই।
দ্রুততম ১২ হাজার বিরাটের। ওয়ান-ডে ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানে পৌঁছলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ২৪২ ইনিংসে এই কীর্তি গড়েছেন বিরাট। ভাঙলেন সচিন তেন্ডুলকরের ১৭ বছরের রেকর্ড। সচিনের চেয়ে ৫৮ ইনিংস কম লেগেছে তাঁর।
আইলিগ সেরা সবুজ মেরুন। আইজল এফসিকে ১-০ ফলাফলে হারিয়ে ৪ ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। গোলদাতা পাপা বাবাকর জিয়োহারা।
চ্যাম্পিয়ন এটিকে। গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে ৩-১ ফলাফলে হারিয়ে তৃতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। জোড়া গোল করেন জাভি হার্নান্দেসের। এদু গার্সিয়া একটি গোল করেন।
সুনীলের নজির। দেশ ও ক্লাব সব মিলিয়ে ৩০০-তম গোল করেছেন সুনীল ছেত্রী। আইএসএলে এই কীর্তি তাঁর। সুনীলের গোল সংখ্যা এখন ৩০২। বাইচুং ভুটিয়ার থেকেও বেশি।
ইউরোপ সেরা বায়ার্ন। রবার্ট লেয়নডস্কিরাই নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ। লিসবনে ফাইনালে বায়ার্ন মিউনিখ ১-০ ফলাফলে হারায় নেমার-এমবাপেদের প্যারিস সাঁ জারমাঁকে।
সেরা লেয়নডস্কি। বায়ার্ন মিউনিখের সেরা অস্ত্র। পোলিশ তারকা রবার্ট লেয়নডস্কি ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পিছনে ফেলে।
রজারকে স্পর্শ করলেন নাদাল। করোনা আবহে যুক্তরাষ্ট্র ওপেনে না খেললেও ফরাসি ওপেনে রাফা-রাজ অব্যাহত। ১৩ নম্বর রোলঁ গ্যারোজ খেতাব জয়ের সঙ্গে নাদাল স্পর্শ করেন রজার ফেডেরারের সবচেয়ে বেশি ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজিরও। ফাইনালে নোভাক জোকোভিচকে তিনি হারান।
৩৬ অলরাউট। অ্যাডিলেডে দিনরাতের টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয় বিরাট বাহিনী। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলীয় সফরের প্রথম টেস্টে ৮ উইকেটে হারে ভারত।
মহিলাদের বিশ্বকাপ স্থগিত। অনুর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ স্থগিত হয়ে গেল করোনা আবহের কারণে। স্থগিত ম্যাচ ২০২২ সালে কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ স্থগিত ঘোষণা করল এএফসি। এরপর বাতিল ঘোষণা করা হল।
দিয়েগো প্রয়াত। ৬০ বছর বয়সে প্রয়াত হলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার দিয়েগো আর্ম্মান্দো মারাদোনা।
রোসির বিদায়। মারাদোনার প্রয়াণের শোক কাটার আগেই বিশ্ব ফুটবলে আবার ইন্দ্রপতন। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী ইটালি দলের তারকা ফুটবলার পাওলো রোসির জীবনাবসান হয়।
ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামী প্রয়াত হলেন। কার্লটন চ্যাপম্যান, সত্যজিৎ ঘোষ ও নিখিল নন্দীরাও প্রয়াত হয়েছেন।
প্রয়াত উইকস। ২০২০ সালের ১ জুলাই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ব্যাটসম্যান স্যর এভার্টন উইকসের (৯৫)।
প্রয়াত চেতন চৌহান। ২০২০ সালের ১৬ আগস্ট প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহানকে (৭৩) হারাল ভারতীয় ক্রিকেট।
ডিন জোন্সের বিদায়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর। আইপিএল-এর ধারাভাষ্য দেওয়ার জন্য মুম্বইয়ে ছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার জোন্সের (৫৯)।
অবসর ধোনির। ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপ জয়ী অধিনায়কের ঘোষণার পরই অবসর ঘোষণা করেন সুরেশ রায়নাও।

