লেহ-লাদাখে ঝটিকা সফরে প্রধানমন্ত্রী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেহ ও লাদাখে ঝটিকা সফরে গিয়ে সেনা হাসপাতালে গালওয়ানের সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন। তিনি তাঁদের উদ্দেশে বলেন, “আপনাদের জন্য গোটা দেশ গর্বিত। গোটা বিশ্ব তাঁদের সাহসিকতা নিয়ে আলোচনা করছে ৷ যে মায়েরা আপনাদের মতো বীর সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই ৷ আপনারা গোটা দেশের কাছে অনুপ্রেরণা”৷ উল্লেখ্য, গত ১৫ জুন গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন ৷ আহত জওয়ানদের দ্রুত সুস্থতাও প্রার্থনা করেন তিনি। তিনি আরও জানান, আমরা আশা করি আমাদের দেশ আত্মনির্ভর হয়ে উঠবে এবং কখনও কারও সামনে মাথা নত করবে না ৷ সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার আবহে এ দিন লেহ ও লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী। আবার নিমুতে ফরওয়ার্ড পোস্টে গিয়ে কম্যান্ডারদের সঙ্গে কথা বলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝে নেন তিনি ৷

