গোয়ায় সপ্তম আইএসএল ঘিরে উন্মাদনা :২০ নভেম্বর শুরু ম্যাচ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নভেম্বর মাস শুরু হতেই গোয়া জুড়ে আইএসএলের আবহ তৈরি হয়েছে।ড্রেস রিহার্সাল শুরু। তারকাদের কাট আউটে সেজে উঠছে গোয়া। ওয়ার্ম-আপ ম্যাচে লাল-হলুদ ও সবুজ-মেরুন।
আরবের মাটিতে আইপিএল পর্ব শেষ হয়েছে। সবার নজর এবার দেশের মাটিতে আইএসএল ঘিরে। আইএসএল-ই হতে চলেছে করোনাপরবর্তী সময়ে ভারতের মাটিতে প্রথম ফুটবলের মেগা ইভেন্ট।
দেশের প্রথম সারির ফুটবল তারকারা যেমন রয়েছেন তেমনি বিদেশি ফুটবলারদের অংশগ্রহণে নজর থাকবে ইন্ডিয়ান সুপার লিগের দিকে। আইএসএল সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আয়োজক এফএসডিএলের। সূত্রের খবর,অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো গোয়ায় প্রস্তুতিপর্ব সেরে নিয়েছে। জানা গিয়েছে, প্রস্তুতি পর্বের শেষ পর্যায়ে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ ফলাফলে হারিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আবার এফসি গোয়ার সঙ্গে ম্যাচ এটিকে-মোহনবাগানের।
কলকাতার দুই বড় দলের যোগদানে এবারের আইএসএল অন্যমাত্রা পাচ্ছে । সূত্রের আরও খবর,২০ নভেম্বর শুরু হচ্ছে আইএসএল। আইএসএলের মেগা ম্যাচ আগামী ২৭ নভেম্বর। ভাস্কোর তিলক ময়দানে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান লাল-হলুদ ও সবুজ-মেরুন। দর্শকশূন্য স্টেডিয়ামে সপ্তম আইএসএলের ম্যাচ হলেও ইন্ডিয়ান সুপার লিগের আবহে সাজতে চলেছে গোয়া। গোয়া জুড়ে আইএসএল তারকাদের কাট-আউটৈর ভিড় চোখে পড়ছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতেও আইএসএলে বিজ্ঞাপন বা বিপণনে কোনওরকম খামতি রাখতে নারাজ আয়োজকরা। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার না থাকলেও আইএসএলের উন্মাদনা বাড়ানোর জন্য জোরদার তৎপরতা শুরু হয়েছে উদ্যোক্তাদের।

