ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট – প্যানেল ইয়ার ২০২৫ পদে ৬৫০ জনকে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের – কলকাতা, আসমের – গুয়াহাটি, ওড়িশার – ভূবনেশ্বর, বিহারের – পাটনা সহ ৪টি জোনের মোট ১৭টি অফিসে। নীচের মতো যোগ্যতার ভারতীরা আবেদন করতে পারেন।
ইস্ট জোনের অফিসগুলি হল: কলকাতা (গ্যাংটক সহ), ভূবনেশ্বর, গুয়াহাটি (শিলং, আগরতলা, আইজল, ইম্ফল, ইটানগর, কহিমা সহ) এবং পাটনা (রাঁচি সহ)। ওয়েস্ট জোনের অফিসগুলি হল: আমেদাবাদ, ভোপাল, মুম্বই এবং নাগপুর। নর্থ জোনের অফিসগুলি হল: চণ্ডীগড়, জয়পুর, জম্মু/ শ্রীনগর, কানপুর এবং নিউ দিল্লি। সাউথ জোনের অফিসগুলি হল: ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দরাবাদ এবং তিরুবনন্তপুরম।
কলকাতা: মোট শূন্যপদ ২৯টি (অসং ২২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ইডব্লিউএস ২ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ৩, প্রাঃসঃকঃ ৩)।
অন্তত ৫০ শতাংশ নম্বর (তফশিলি/ প্রতবন্ধী হলে অন্তত পাস মার্ক) নিয়ে পাশ করা যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। ০১-০২-২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্য়ে। কাজেই জন্ম হতে হবে ২ ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে ১ ফেব্রুয়ারি ২০০৬ তারিখের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষার মাধ্যমে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ১১ এপ্রিল, ২০২৬ তারিখ। অনলাইন মেইন পরীক্ষা হতে পারে ৭ জুন, ২০২৬ তারিখ।
পরীক্ষার ফি/ ইন্টিমেশন বাবদ সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের মোট ৪৫০ টাকা + ১৮ শতাংশ জিএসটি এবং কেবল ইন্টিমেশন চার্জ বাবদ তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ প্রার্থীদের ৫০ টাকা + ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। ফি দেবেন অনলাইনে। ব্যাঙ্কের কর্মচারীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে কেবলমাত্র www.rbi.org.in ওয়েবসাইটের “Recruitment for the Post of Assistant – Panel Year 2025” লিঙ্কের মাধ্যমে, ৮ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকা চাই। আবেদনের ফর্ম পূরণ, পরীক্ষার ফি জমা অথবা কললেটার সংক্রান্ত কোনও সমস্যা হলে, কোনও জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করতে পারেন এই লিঙ্কের মাধ্যমে: http://cqrs.ibps.in/ এসময়ে ই-মেলের সাবজেক্ট বক্সে “Recruitment for the Post of Assistant – Panel Year 2025” অবশ্যই উল্লেখ করতে হবে। সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

