হার্ট অ্যাটাকের লক্ষণ
সারা পৃথিবী জুড়ে বহু মানুস হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তবে বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, যাঁরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগই মারা গিয়েছেন সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে। হার্ট অ্যাটাকের প্রথম দু ঘন্টা সময় খুব গুরুত্বপূর্ণ। এইসময় সঠিক চিকিৎসা পেলে বেশিরভাগ মানুষেরই বেঁচে ওঠা সম্ভব। তাই এর গুরুত্ব বুঝে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি চিনে নেওটা খুবই প্রয়োজন। হার্ট অ্যাটাক হলে বুকের মাঝখানে সাংঘাতিক ব্যথা হয়। এই ব্যাথা পেটের নিচের অংশ অবধি ছড়িয়ে পড়তে পারে। অন্যান্য কারণেও এই ব্যাথা হতে পারে, কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের বা দিকে ও পিঠের মাঝখানেও ব্যাথা অনুভূত হয়।
অনেক সময় এই ব্যাথা নিচের চোয়াল অবধি ছড়িয়ে পরে কিন্তু ওপরের চোয়াল পর্যন্ত যায় না। অনেক সময় ব্যাথা বা দিকে কাঁধের জয়েন্ট অঞ্চলে ছড়িয়ে পরে। পরে তা হাতের নিচের দিকেও নেমে যায়। হাতে ব্যথা হলেই যে তা হার্ট অ্যাটাকের ব্যাথা হবে তা নাও হতে পারে। অ্যাটাক হলে ব্যাথার সঙ্গে শুরু হয় প্রচন্ড শ্বাসকষ্ট। ওই সময় মনে হয় অজ্ঞান হয়ে যাবে বা মারা যাবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আক্রান্ত ব্যক্তির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবং একই সময় প্রচুর ঘাম হচ্ছে।
আবার যাঁদের ডায়াবেটিস আছে বা অ্যালকোহলিক তাঁদের ক্ষেত্রে দেখা যায়, বুকে তেমন ব্যাথা নেই কিন্তু শ্বাসকষ্ট আছে। এরই সঙ্গে মারাত্মক দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়। খুব বিরল কিন্তু পেটখারাপের লক্ষণও দেখা দিতে পারে। অনেক সময় কোনও ব্যক্তির হার্ট অ্যাটাক হলে অজ্ঞান হয়ে যেতে পারেন। বিশেষজ্ঞদের অভিমত, হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অবশ্যই মনে রাখতে হবে। অযথা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবেই হার্ট অ্যাটাকে কোনও ব্যক্তিকে বাঁচানো সম্ভব হতে পারে।

