ঝড়-বৃষ্টির সতর্কবার্তা বেশ কয়েকটি জেলায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কবার্তাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে,পুরুলিয়া , বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ আবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় ৷ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে ৷ প্রবল গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে সাধারণ মানুষদের ৷ কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

