Electronic GoodsMiscellaneous 

দেশে ১২ লক্ষ কর্মসংস্থানের জোরালো সম্ভাবনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মোবাইল ও যন্ত্রাংশ উৎপাদনে ১২ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামী ৩ বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ ঘটবে। জানা গিয়েছে, এর মধ্যে ৩ লক্ষ প্রত্যক্ষ কর্মী এবং ৯ লক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স, মোবাইল ও যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রে এই কর্মসংস্থানের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।

সূত্রের আরও খবর, আমদানি নির্ভরতা কমিয়ে আরও বেশি করে দেশে পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্যই ঘোষণা করা হয় আত্মনির্ভর ভারত প্যাকেজ। ওই কর্মসূচিতে অর্থনীতির মন্দা কাটানোর জন্য উৎপাদন শিল্পকে চাঙ্গা করতে দেওয়া হয়েছিল বিশেষ উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতার আশ্বাস। উল্লেখ্য, কোনও একটি উৎপাদন ইউনিট যত বেশি উৎপাদন করবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সেই সংস্থাকে কর ও বিপণন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তিমন্ত্রক সূত্রের খবর, এই প্রকল্পে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। বৃহৎ ২২টি সংস্থা এগিয়ে এসেছে তালিকাভুক্ত হতে। আগামী ৫ বছরে সাড়ে ১১ লক্ষ কোটি টাকার মোবাইল উৎপাদন হবে ভারতে। ৭ লক্ষ কোটি টাকার রপ্তানি হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment