ডাকঘর পরিষেবায় এবার রেল-বিমান টিকিটও
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এবার থেকে নতুনভাবে নিজেদের তুলে ধরতে উদ্যোগী হল ভারতীয় ডাক বিভাগ। জানা গিয়েছে, ডাকঘরে এবার থেকে মিলবে বাস, ট্রেন এবং বিমানের টিকিট। পাশাপাশি পাওয়া যাবে হোটেল বুকিংয়ের মতো পরিষেবা। এ বিষয়ে আরও জানা যায়, এবার থেকে ডাকঘরের মাধ্যমে ব্রডব্যান্ড, গ্যাস, বিদ্যুৎ, মোবাইল এবং ল্যান্ডলাইনের বিলও মেটানো যাবে।ইতিমধ্যেই রানিগঞ্জের সিয়ারসোল ডাকঘরে রেলের টিকিট বুকিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যায়।আসানসোল ডিভিশনের ডেপুটি সুপারিন্টেডেন্ট অফ পোস্ট অফিস পরিমল গোস্বামী এ বিষয়ে জানিয়েছেন, এ কাজের জন্য আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, বার্নপুর এবং চিত্তরঞ্জনে প্রশিক্ষণের কাজও শেষ হয়েছে।
অন্যদিকে কলকাতার পোস্ট মাস্টার জেনারেল অমিতাভ সিং জানিয়েছেন, ডাকঘরগুলোকে কমন সার্ভিস সেন্টার হিসাবে গড়ে তোলার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য, ডিজিটাল ইন্ডিয়ায় গ্রাম ও শহরের মধ্যে দূরত্ব কমানো।ডাক বিভাগ সূত্রে আরও বলা হয়েছে, সামান্য পরিমানে রেজিস্ট্রি পোস্ট, মানি অর্ডারের ওপর নির্ভর করে ভারতবর্ষের প্রায় দেড় লাখ পোস্ট অফিসকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সে কথা মাথায় রেখেই নয়া পরিষেবার কথা ভেবেছে ডাকবিভাগ।এক্ষেত্রে ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, যে সব ডাকঘরে তিন বা তার বেশি কর্মী রয়েছেন সেখানে এই পরিষেবা চালু করে দেওয়া হবে। এর জন্য ৪০টি ডাকঘর থেকে ৮০জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

