যমুনা-ইছামতী প্লাবিত করছে গ্রামীণ বিস্তীর্ণ অঞ্চল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইছামতীর নাব্যতা কমছে। কোথাও কোথায়ও নদীর বুকেই চলছে চাষ। মজে যাচ্ছে নদী। রীতিমতো দখল হয়ে যাচ্ছে মাটি। প্রশাসনের দিকে অভিযোগের আঙ্গুল। প্রতিবছর জল-যন্ত্রণার শিকার একটা বড় অংশের মানুষ। স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর, সগুনা, মছলন্দপুর ও গোবরডাঙা এলাকার একটা বিস্তীর্ণ অঞ্চল প্রতিবছরই বর্ষার জলে ডুবে থাকে। ওইসব গ্রামীণ এলাকা যমুনা ও ইছামতীর জল ঢুকে নদী, পুকুর ও ডোবা রাস্তা-ঘাট সব ভাসিয়ে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের আরও খবর, এলাকা জলমগ্ন থাকায় অনেক জায়গায় নৌকার ব্যবস্থা করতে হয়। দারুণ দুর্দশার মধ্যে মানুষকে যাতায়াত করতে হয়। অনেক বাড়িতে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। এই জল যন্ত্রণার মধ্যে বিষাক্ত পোকামাকড় ও সাপ ঘরের মধ্যে ঢুকে পড়ছে। অনেক ক্ষেত্রে কাঁচা বাড়ি ধসে পড়ে। বাসিন্দাদের অন্য জায়গায় আশ্রয় নিতেও হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা জল বিষাক্ত হয়ে যায়। স্থানীয় মানুষদের অনেকেরই এই জল থেকে চর্মরোগও হচ্ছে। এলাকায় জলবাহিত বিভিন্ন অসুখও দেখা যাচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের আরও বক্তব্য, গাইঘাটা, মছলন্দপুর, স্বরূপনগর ও সগুনায় জলে ভাসিয়ে দিয়েছে সবরকম ফসলের ক্ষেত, বাগান ও জমির ধান। সব মিলিয়ে দুর্দশা বাড়ছে ওইসব এলাকার মানুষের।

