উৎসব মরশুমে পর্যটকদের বেশি টানছে মন্দারমণি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দিঘার আকর্ষণ থাকলেও এবার পুজোয় পর্যটকদের বেশি টানছে মন্দারমণি। হোটেল অগ্রিম বুকিংয়ের হিড়িক দেখে এমনই পূর্বাভাস। উল্লেখ করা যায়, প্রতি বছর দুর্গাপুজোর ছুটিতে ভিড় হয় দিঘার সৈকত ক্ষেত্রে। উৎসব মরশুমে রাজ্যের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকদের ভিড় বাড়তে থাকে। প্রসঙ্গত, গত বছর করোনা আবহের মধ্যেও লকডাউন উঠে যাওয়ায় পুজোর সময় দিঘায় ভিড় হয়। এ বছর ভিন্ন আবহাওয়া।
স্থানীয় সূত্রের খবর, করোনা আবহে আগের বছরগুলিতে দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে দিঘার হোটেলের সব ঘর বুক হয়ে যেত। এবার মহালয়ার প্রাক্কালে ৩০ শতাংশ ঘরও বুক হয়নি। এই অবস্থার মধ্যে দুশ্চিন্তা বেড়েছে হোটেল ব্যবসায়ীদের। দিঘা হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে ৭০০-র কাছাকাছি হোটেল ও লজ রয়েছে। পাশাপাশি রয়েছে সরকারের বিভিন্ন দফতরের গেস্ট হাউস।
এক্ষেত্রে আরও জানা যায়, পুজোর ছুটির দিনগুলিতে ৫ দিনের জন্য প্যাকেজ চালু থাকে। এই প্যাকেজের চাহিদা খুব বেশি। পুজোর কয়েক মাস আগে বুক না করালে আর পাওয়া যায় না। গত বছরও করোনা পরিস্থিতিতে পুজোর আগে ৬০ শতাংশ ঘর বুক হয়ে গিয়েছিল। এবার ছবিটা সম্পূর্ণ অন্যরকম দাঁড়িয়েছে। দিঘা হোটেল মালিক সংগঠনের জানানো হয়, মাত্র ৩০ শতাংশ ঘর বুক হয়েছে। আসলে এখনও পুরোপুরি দুর্যোগমুক্ত নয় দিঘা। এক্ষেত্রে ইচ্ছা থাকলেও অনেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না দিঘা আসার ব্যাপারে। কয়েক দিনের মধ্যে বুকিং বাড়তে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। তবে অনিশ্চয়তা রয়েই গিয়েছে।

