মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্সে ভর্তি এবার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই। সূত্রের খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এবার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্সে আসন পূরণ করা হবে। রাজ্যের সব পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজে এই নিয়ম বলবৎ হবে বলে জানা গিয়েছে। কারিগরি শিক্ষা দপ্তর সূত্রে এই খবর পাওয়া যায়। সূত্রের আরও খবর, ডিপ্লোমা ও ডিগ্রি মিলিয়ে প্রতি বছর প্রায় ১ লক্ষ ৪০ হাজার পড়ুয়া প্রবেশিকা পরীক্ষায় বসে থাকে। করোনাজনিত পরিস্থিতিতে চলতি বছর তা নেওয়া সম্ভব হয়নি কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রবেশিকা পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব। তাই বিকল্প পদ্ধতিতে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবার ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। পড়ুয়াদের ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে একটা বড় অংশ মনে করছেন। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু এ বিষয়ে জানিয়েছেন, কোনও পড়ুয়ার প্রতি অন্যায় করা হবে না। আমাদের প্রধান লক্ষ্য- কোনও পড়ুয়ার বছর যাতে নষ্ট না হয়। সেই ভাবনা থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আসন পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কারিগরি শিক্ষা দপ্তর সূত্রের খবর, রাজ্যের একাধিক পলিটেকনিক কলেজ এখন করোনা সেন্টার হিসেবে কাজ করছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেও, পরীক্ষা নেওয়ার জন্য কলেজগুলি কবে তৈরি হবে, তা নিয়ে দপ্তরের আধিকারিকরাও স্পষ্ট জানাতে পারছেন না। এই অবস্থায় কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পড়ুয়াদের পাশে দাঁড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

