হরিদ্বারের পবিত্র কুম্ভমেলা শুরু ১ এপ্রিল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:১ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র কুম্ভমেলা। পুণ্যার্থীদের বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট। হরিদ্বারের পবিত্র এই কুম্ভমেলা। করোনা আবহে এ বছর মেলা হবে মাত্র ২৮ দিন। জানা গিয়েছে, হরিদ্বার-সহ ত্রিম্বক, উজ্জয়িনী এবং প্রয়াগেও পুণ্যার্থীরা পুণ্য স্নান করতে পারবেন। উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুম্ভ মেলা আয়োজনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হল – রেজিস্ট্রেশনের ব্যবস্থা।
মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত এ বিষয়ে জানান, কেন্দ্র যে গাইডলাইন দিয়েছে, তা মেনে চলা হবে। সেক্ষেত্রে কুম্ভ মেলায় রেজিস্ট্রেশনের জন্য করোনা রিপোর্ট বাধ্যতামূলক। তবে সেই রিপোর্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে মেলায় প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে। শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১২ বছর অন্তর হওয়া মেলা চলে চার মাস ধরে। কয়েক কোটি মানুষ পুণ্য অর্জনের জন্য মেলায় অংশ নিয়ে থাকেন। স্নান পর্বও রয়েছে। তবে করোনা অতিমারীর প্রভাবে এই প্রথমবার মাত্র ২৮ দিনের মধ্যেই শেষ হবে কুম্ভ মেলা।
সূত্রের খবর,৩ টি শাহী স্নানের দিন রয়েছে ১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে। প্রথম শাহী স্নান হবে ১২ এপ্রিল, ওইদিন সোমবতী অমাবস্যা। দ্বিতীয়টি ১৪ এপ্রিল,ওইদিন পয়লা বৈশাখ। তৃতীয়টি ২৭ এপ্রিল, ওইদিন পূর্ণিমা। করোনা বিধি মেনে উত্তরাখণ্ড প্রশাসন স্নানের সব রকম ব্যবস্থা করবে। তবে মুখ্য স্নানের দিন কীভাবে এত মানুষকে সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে উদ্বেগে প্রশাসন।

