শিল্পের আয় কমার পূর্বাভাস সমীক্ষা রিপোর্টে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শিল্পের আয় কমবে, এমনই ইঙ্গিত সমীক্ষায়। সূত্রের খবর, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এপ্রিল ও জুনে দেশে শিল্পমহলের আয় ৮ শতাংশ থেকে ১০ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা সংস্থা ক্রিসিলের সমীক্ষা অনুযায়ী ইঙ্গিত দেওয়া হয়েছে, অনেক সংস্থারই কার্যকরী মুনাফা কমতে পারে। উল্লেখ করা যায়, গত বছর প্রথম ত্রৈমাসিকে ব্যবসার প্রায় সম্পূর্ণটাই ভেস্তে যায় করোনা পরিস্থিতির কারণে। এ বিষয়ে আরও বলা হয়, অনেক সংস্থাই দাবি করেছে, কম হলেও উৎসবের মরসুম থেকে কিছুটা বাজার স্বাভাবিক হয়।
মার্চ-এপ্রিল মাসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আবারও পিছিয়ে দিয়েছে শিল্পকে। উল্লেখ্য, আর্থিক পরিষেবা ও তেল বাদে প্রায় ৩০০টি সংস্থাকে নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল ক্রিসিলের পক্ষ থেকে। বাজারের মোট মূলধনের প্রায় ৫৫ শতাংশ থেকে ৬০ শতাংশ অংশীদারি রয়েছে যাদের। সমীক্ষা অনুযায়ী আরও তুলে ধরা হয়েছে, সংস্থাগুলির আয় প্রথম ত্রৈমাসিকে কমে হতে পারে ৭.৩০ লক্ষ কোটি টাকা। এক্ষেত্রে কারণ হিসেবে বলা হয়, লকডাউন পর্বে গাড়ির মতো শিল্পের ব্যবসা ফের ধাক্কা খেয়েছে। এক্ষেত্রে কার্যকরী মুনাফা কমতে পারে ৬ শতাংশ থেকে ৮ শতাংশ। সমীক্ষা সূত্রে বলা হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে আয় বাড়তে পারে ৪৫ শতাংশ থেকে ৫০ শতাংশ, কার্যকরী মুনাফা ৬৫ শতাংশ। এক্ষেত্রে স্বস্তির কারণ নেই। প্রসঙ্গত, গতবার লকডাউনের আবহে আয়, মুনাফা নিম্নমুখী হয়।

