প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবনের লক্ষ্যে অভিনব প্রয়াস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:প্লাস্টিক মুক্ত গ্রিন সুন্দরবনের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসের দিন এমন অভিনব উদ্যোগ। স্থানীয় সূত্রের খবর,১০টি পুরনো প্লাস্টিকের বোতল সংগ্রহ করে দিলেই পাওয়া যাবে নতুন বোতল। বারুইপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই প্রয়াস গ্রহণ করেছেন।
উল্লেখ করা যায়,সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করার প্রচেষ্টায় নির্দেশিকা ঘোষণা করা হয় সরকারিভাবে। তবে তা বিশেষ কার্যকরী করা সম্ভব হয়নি। সুন্দরবনের টুরিস্ট লঞ্চগুলি সহ পর্যটনক্ষেত্র গুলিতে প্লাস্টিকের ব্যবহার অবাধে চলছে বলেও অভিযোগ। সুন্দরবনের বিভিন্ন এলাকা ও নদীগুলিতে প্লাস্টিক আকছার দেখা যায়।
স্থানীয় সূত্রের আরও খবর,”যশ” ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনে এখন রোজই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। ওই ত্রাণ সামগ্রীর মধ্যে পানীয় জলের বোতল বেশি থাকছে। বিভিন্ন পরিমাপের প্লাস্টিক জলের বোতল পৌঁছে গিয়েছে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে। সুন্দরবনের এই সব দ্বীপে প্লাস্টিকের প্রভাবে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা করে চলেছেন স্থানীয় মানুষ থেকে পরিবেশ বিশেষজ্ঞরা।
বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে বারুইপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে পুরনো প্লাস্টিকের বোতল সংগ্রহ করলেন। এমনকি জানানো হয়েছে,কোন বাড়ি থেকে ১০টি পুরনো প্লাস্টিকের বোতল দিলে নতুন একটি পানীয় জলের বোতল প্রদান করা হবে।
বারুইপুর চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সেখানে এই ধরণের উদ্যোগ নিলেন। বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছেন , আগামী দিনে তা চলবে বলেও জানানো হয়েছে।

