MugdalMiscellaneous 

চাষিরা মুগ ডালের চাষ করলে ভাল লাভ পাবেন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাজারে ডালশস্যের চাহিদা ও দাম ভালই থাকে। সূত্রের খবর, রাজ্যে যত পরিমাণ ডালশস্য উৎপাদন হয়, তাতে রাজ্যের চাহিদা সেভাবে পূরণ হয় না। এক্ষেত্রে অন্য রাজ্য থেকে আসা ডালের উপরই নির্ভর করতে হয়। তবে আগের চেয়ে রাজ্যে ডালশস্যের উৎপাদন অনেকটাই বেড়েছে। সূত্রের আরও খবর, রাজ্য কৃষি দপ্তরের প্রয়াসে বিভিন্ন জেলায় ব্লকের কৃষি আধিকারিকদের মাধ্যমে চাষিদের ডালের উৎপাদন বৃদ্ধির জন্য সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জানানো হয়েছে, চাষিরা মুগ ডালের চাষ করলে ভাল লাভ পাবেন। এখন মুগ ডাল চাষ করার সঠিক সময় বলে জানিয়েছে কৃষি দপ্তর।

কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুগ ডালের চাষ বছরে ২ বার করা যায়। ফাল্গুন-চৈত্র ও ভাদ্র মাসে মুগ লাগানো যায়। বাজারে অন্যান্য ডালের থেকে মুগ ডালের চাহিদা ও দাম সবচেয়ে বেশি। মুগ চাষের ক্ষেত্রে উপযুক্ত হল– জল দাঁড়ায় না, এমন দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি। আবার বেশি নোনা মাটিতে চাষ করা যাবে না। কৃষি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ভাল জাতের মধ্যে রয়েছে সোনালী, পান্না (বি-১০৫), সম্রাট (পিডিএম-৮৪-১৩৯), বাসন্তী (পিডিএম-৮৪-১৪৩)। এই জাতগুলির বেশিরভাগ শুঁটি একসঙ্গে পাকে। আবার ২-৩ পর্যায়ে তুলতে হয়, এমন উন্নত জাতের মধ্যে রয়েছে কে-৫৮১, পিডিএম-৫৪, পন্থমুগ-৪।

আবার সম্রাট ও বাসন্তী জাত দুটি হলদে কুটে রোগ প্রতিরোধ করতে পারে। প্রতি কেজি বীজের সঙ্গে ম্যাঙ্কোজেব ৭৫ শতাংশ ৩ গ্রাম বা থাইরাম ৭৫ শতাংশ ২ গ্রাম বা ক্যাপটান ৭৫ শতাংশ ২ গ্রাম হারে ভালভাবে মিশিয়ে বীজ শোধন করা যেতে পারে। বীজ শোধনের কমপক্ষে ৭ দিন পর বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। এক্ষেত্রে বীজ বসাতে হবে সঠিক নিয়ম অনুযায়ী। কৃষি বিশেষজ্ঞদের আরও বক্তব্য, ছিটিয়ে বা সারিতে বুনলে বিঘা প্রতি বীজ লাগবে ২.৫-৪ কেজির মতো। বীজ বসানোর দূরত্ব হবে ২০ / ১০ সেমি। জমিতে ঘন গাছ থাকলে পাতলা করে দিতে হবে। আবার প্রতি বর্গমিটারে ৫০-৫৫টি গাছ রাখতে হবে। বীজের সঙ্গে জীবাণু-সার রাইজোবিয়াম মিশিয়ে বুনতে পারলে ভাল। জমি তৈরির সময় বিঘা প্রতি ৩ কেজি নাইট্রোজেন বা ৭ কেজি ইউরিয়া, ৫ কেজি ফসফেট বা ৩১ কেজি একক সুপার ফসফেট ও ৫ কেজি পটাশ বা ৮ কেজি মিউরিয়েট অফ পটাশ শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করা দরকার। পরিমাণমতো ভালমানের জৈবসার ব্যবহার করতে হবে। ভাল ফলন পাওয়ার জন্য সঠিক পরিচর্যা করা জরুরি। বীজ বোনার ৩ সপ্তাহ পর জমিতে থাকা আগাছা ভালভাবে তুলে ফেলাও দরকার।

Related posts

Leave a Comment