কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বর্ষায় চোখের সংক্রমণ বাড়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে বর্ষায় চোখের সংক্রমণ থেকে বিশেষ সতর্ক থাকা উচিত। এই সময় চোখের জন্য অনেক বেশি সচেতন হওয়াটা জরুরি। বর্ষাকালে আর্দ্রতা জনিত কারণে চোখের সংক্রমণ হওয়াটা স্বাভাবিক ৷
এক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞরা বলছেন,বর্ষার সময় দিনে ২ বার জলের ঝাপটা দেওয়া উচিত। চোখ ভাল করে পরিষ্কার করে নিতে হবে ৷ আবার কনট্যাক্ট লেন্স ব্যবহারের অভ্যাস থাকলে আরও সাবধানী হতে হবে। লেন্স নিয়মিত পরিষ্কার করাটাও দরকার।
এ বিষয়ে চক্ষু বিশেষজ্ঞদের আরও বক্তব্য,চোখকে ভাল রাখার জন্য পর্যাপ্ত ঘুমও দরকার রয়েছে। কম্পিউটার নিয়ে বেশি কাজ হলে স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ্রাম নিতে হবে। মাঝে মাঝে এটা করলে চোখ ভালো থাকবে। মোবাইল ও কম্পিউটার স্ক্রিন থেকে বিশ্রাম নেওয়াটা খুবই প্রয়োজন।
ধুলো কণা ও ধোঁয়া চোখের খুব ক্ষতি করে থাকে ৷ বর্ষাকালে এই উপদ্রব বেড়ে যায় ৷ যতটা সম্ভব ধুলো, ধোঁয়া ও ঠান্ডা বাতাসের ঝাপটা থেকে চোখকে আড়ালে রাখতে চেষ্টা করতে হবে ৷ এক্ষেত্রে প্রয়োজনে পাওয়ারলেস চশমা ব্যবহার করতে পারেন।
চক্ষু বিশেষজ্ঞরা এ বিষয়ে আরও জানিয়েছেন,প্রসাধনী সামগ্রী যতটা সম্ভব কম ব্যবহার করা দরকার। মেক আপ করলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে চোখ ও মুখ পরিষ্কার করতে হবে। চোখ খুবই মূল্যবান তাই চোখের জন্য অনেক বেশি সচেতন হওয়াটা জরুরি। প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া দরকার।

