সপ্তম ইন্ডিয়ান সুপার লিগে ১১তম দল হিসেবে খেলবে ইস্টবেঙ্গল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। স্পোর্টস ডেভেলাপমেন্ট লিমিটেড (এফএসডিএল) এখবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে বলে জানা গিয়েছে। এরপর আইএসএলেও ডার্বি উপভোগ করতে পারবেন দর্শকরা। সূত্রের খবর, সুপার লিগে ১১তম দল হিসেবে খেলবে ইস্টবেঙ্গল। এদিন এফএসডিএলের চেয়ার পার্সন নীতা অম্বানি টুইট করে জানিয়েছেন, সুপার লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলায় ফুটবল নতুন মাত্রা পাবে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে সুপার লিগের আয়োজকরা মোট ১০টি দলকে নিয়ে বৈঠকের পর জানান, এ বারের টুর্নামেন্টে দলের সংখ্যা আরও বাড়ানো হবে না। অন্যদিকে এটিকে-র সঙ্গে যুক্ত হওয়ায় মোহনবাগানের আইএসএলে খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। যারফলে লাল-হলুদ ভক্তদের ক্ষোভ আরও বাড়তে থেকে। সূত্রের আরও খবর, শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতার মাধ্যমে মিটে যায় স্পনসর-সমস্যা।
এরপর মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলতি মাসের গোড়ার দিকে নতুন স্পনসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ইস্টবেঙ্গল। এক্ষেত্রে ভক্তদের উল্লাসের সঙ্গে শুরু হয়ে গেল সুপার লিগে অংশগ্রহণের দৌড়। পাশাপাশি আইএসএল খেলার জন্য আবেদন করে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।

