কলকাতা মহানগরীর রাস্তায় আধুনিক দোতলা বাস পুজোর আগেই
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা শহরে আবারও দোতলা বাস দেখা যাবে। এবার লাল রঙের পরিবর্তে নীল-সাদা রঙের দোতলা বাসের চলাফেরা চলবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, লন্ডনের আদলে মহানগরীতেও এই বাস পাবেন যাত্রীরা। নবান্ন সূত্রের খবর, ১৩ অক্টোবর মঙ্গলবার দোতলা বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কলকাতা শহরে দোতালা বাস চলাচল করলেও প্রতিদিন যাত্রী পরিবহণ করা হবে না।
এবিষয়ে আরও জানা যায়, সাধারণ যাত্রী পরিবহণের বদলে পর্যটনে প্রসার ঘটানোই প্রাথমিক লক্ষ্য। এই ভাবনায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে ২টি দোতলা বাস তৈরি করেছে। জানা যায়, জামশেদপুরের একটি সংস্থাকে দিয়ে এই বাস নির্মাণ করিয়েছে। আধুনিক এই বাসটিতে নয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পর্বে ৪৫ আসন বিশিষ্ট দু’টি দোতলা বাস আনা হয়েছে। এই বাসে থাকবে পূর্বের চেয়ে চওড়া সিঁড়ি। আবার বাসে থাকবে সিসি ক্যমেরা ও প্যানিক বাটন।
পরবর্তী পর্যায়ে মোট দশটি দোতলা বাস রাজ্য পরিবহন দফতর আনবে বলেও জানা গিয়েছে। সূত্রের আরও খবর, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট-র ছাড় পত্র মিলেছে রাজ্যের। জানা যায়, কলকাতায় এই বাস বর্তমানে চালানো হবে শুধু সিটি ট্যুরের ক্ষেত্রে। অন্যদিকে পরিবহণ দফতর শীঘ্রই কেন্দ্রীয় সরকারের অনুমতি পাবে বলে রাজ্যের পক্ষ থেকে জানা গিয়েছে। এরপর এই বাস আরও বেশি সংখ্যায় পথে নামাতে উদ্যোগী রাজ্য।

