কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ২ জঙ্গি, আহত ৩ ভারতীয় জওয়ান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আবারও উত্তপ্ত হল কাশ্মীর৷ সূত্রের খবর, ভোর রাত থেকে শুরু হয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷ জানা গিয়েছে, ভারতীয় সেনার গুলিতে মারা গিয়েছে ২ জঙ্গি। অন্যদিকে, আতঙ্কবাদীদের হামলার জেরে আহত হয়েছেন ৩ ভারতীয় জওয়ান৷ সূত্রের আরও খবর, ভারতীয় সেনারা এখনও জঙ্গিদের আস্তানা চারদিক দিয়ে ঘিরে রেখেছে৷ পাশাপাশি আতঙ্কবাদীদের হামলার জেরে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বার না হতেও অনুরোধ করা হয়েছে সেনার পক্ষ থেকে।
সেনা সূত্রে খবর, গোপন সূত্র মারফৎ খবর পাওয়া যায় যে, কুলগামের নাগনদ চিমার এলাকায় গোপন কোনও ঘাঁটি থেকে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে দুষ্কৃতীরা৷ ওই সূত্র ধরে ভারতীয় সেনা, স্থানীয় পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা একত্রিত হয়ে একটি যৌথ বাহিনী তৈরি করে এলাকা ঘিরে ফেলতে শুরু করে বলে খবর৷ পাশাপাশি এই ঘেরার সময় থেকে বোঝা যায় এলাকার কোনও একটি ঘরে লুকিয়ে রয়েছে আতঙ্কবাদীরা৷
সেনা সূত্রে আরও জানা যায়, ভারতীয় সেনার পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলে হঠাৎই আতঙ্কবাদীরা গুলি চালাতে শুরু করে৷ পাল্টা জবাবে ভারতীয় সেনারাও গুলি চালায়৷ সেনাবাহিনী বুঝতে পারে একটি ঘরে একাধিক আতঙ্কবাদী লুকিয়ে রয়েছে৷ এই গুলির লড়াইয়ে সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, তারজন্য তাঁদের ঘর থেকে না বেরোনোর জন্য আবেদন করা হয় বলে জানা যায়৷

