কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এফএসএসএআইয়ের নির্দেশ অনুসারে এবার মিষ্টিতেও লিখতে হবে এক্সপায়ারি ডেট। এমনকী মিষ্টি কবে তৈরি হচ্ছে তা উল্লেখ করার সুপারিশও দেওয়া হয়েছে। সূত্রের খবর,দুর্গাপুজো বা উৎসবের মরসুমের ঠিক আগে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। এ বিষয়ে আরও জানা গিয়েছে ,১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
এক্ষেত্রে এফএসএসএআইয়ের নির্দেশ, মিষ্টি বিক্রি করার সময় এক্সপায়ারি ডেট (বেস্ট বিফোর ডেট) লেখাও বাধ্যতামূলক। পাশাপাশি মিষ্টি কবে তৈরি করা হয়েছে,তা উল্লেখ করার সুপারিশও দেওয়া হয়েছে। তবে এই নতুন নির্দেশিকা নিয়ে চিন্তায় বিক্রেতারা। এই নির্দেশিকার ফলে মিষ্টির দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

