Villege PondMiscellaneous 

মাছ চাষে আগ্রহী কান্দির আন্দুলিয়া পঞ্চায়েত এলাকার চাষিরা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মাছ চাষে আগ্রহ বাড়ছে কান্দির চাষিদের। সূত্রের খবর, ধান-সহ অন্যান্য ফসল লাগিয়ে সেভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না কৃষকরা। এই পরিস্থিতিতে মাছ চাষ করায় আগ্রহী কান্দি ব্লকের আন্দুলিয়া পঞ্চায়েত এলাকার চাষিরা। স্থানীয় সূত্রে আরও খবর, মাছ চাষ করার জন্য কিছু চাষি নিজেদের উদ্যোগে পুকুর খনন করেছে। এরপর বেশিরভাগ চাষি সরকারিভাবে পুকুর খনন করার দাবিও করছে। ১০০ দিনের কাজের প্রকল্পে এলাকায় প্রচুর ছোট ও বড় পুকুর খননের কাজ চলছে। তবে এক্ষেত্রে কিছু নিয়ম-নীতি রয়েছে।

উল্লেখ করা যায়, আন্দুলিয়া পঞ্চায়েত এলাকা একটা অংশ কান্দির হিজল বিলের অন্তর্গত। বর্ষায় ওই এলাকার কয়েক হাজার হেক্টর জমি কার্যত জলমগ্ন থাকে। এরফলে আমন চাষ করে অনেকে ধান ঘরে তুলতে পারেন না বলে জানা যায়। কান্দি ব্লক প্রশাসন সূত্রের খবর, ১০০ দিনের কাজের প্রকল্পে বড় পুকুর খনন করা যাবে। এক্ষেত্রে জমির মালিকদের মুচলেকা দিতে হবে। ওই পুকুরের জল অন্যদেরও ব্যবহার করার সুযোগ দিতে হবে। পাশাপাশি জমির চরিত্র বদল করে তা পুকুর করতে হবে। এক্ষেত্রে জানানো হয়েছে, সমস্ত কাগজপত্র ঠিক করার পর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে চাষিরা মাছ চাষের জন্য সরকারি উদ্যোগে পুকুর খনন করতে পারবেন।

Related posts

Leave a Comment