অবশেষে ইউপির বিকাশ কাণ্ডের ইতি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কানপুরের বিকেরু গ্রামে সিও সহ ৮ পুলিশ কর্মীকে হত্যার দায়ে গ্রেফতার হয়েছিল বিকাশ দুবে। সূত্রের খবর, যে এসটিএফ গাড়িতে করে তাকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল সেই গাড়িটি উল্টে যায় বলে জানায় পুলিশ। বিকাশ অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। যার ফলে পুলিশ তাকে এনকাউন্টার করতে বাধ্য হয়, এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল উজ্জইনের মহাকাল মন্দির কমপ্লেক্স থেকে বিকাশ দুবেকে গ্রেপ্তার করা হয়েছিল। ৮ পুলিশ কর্মীকে হত্যার পরে, পলাতক বিকাশ ইউপি, দিল্লি, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের পুলিশকে ধোঁকা দিতে মন্দিরে পৌঁছেছিল। সেই সূত্র ধরে গ্রেপ্তারের পরে বিকাশকে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ২ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর। এর পরে মধ্যপ্রদেশ পুলিশ তাকে ইউপি এসটিএফের হাতে তুলে দেয়। এই এনকাউন্টারের পরে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও জানা যায়,ময়না তদন্তের কাজ শুরু হয়েছে হালাত হাসপাতালে। ময়নাতদন্তের ভিডিও গ্রাফটিংও করা হবে বলে জানা যায়। পাশাপাশি, পুলিশ বিকাশের স্ত্রী রিচা ও ছেলেকে লখনউ থেকে কানপুরে নিয়ে আসছে বলে খবর। প্রসঙ্গত, গতকাল ছেলের সাথে বিকাশের স্ত্রী রিচাকেও গ্রেপ্তার করা হয়েছিল।

