মথুরাপুরে নদীবাঁধ রক্ষায় ভাটিভার ঘাস বসানোর উদ্যোগ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ধস রোধে মথুরাপুরে বসানো হচ্ছে ভাটিভার ঘাস। স্থানীয় সূত্রের খবর, মাটির নদীবাঁধে ধস রক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করল মথুরাপুর-২ নম্বর ব্লক প্রশাসন। জানা গিয়েছে, বাঁধের ঢাল বরাবর বসানো হবে ৮০ হাজার ভাটিভার ঘাস। পাশাপাশি নদীর পাড়ে প্রায় ৭৫ হেক্টর জমিতে বসানোর উদ্যোগ চলেছে ম্যানগ্রোভ প্রজাতির গাছ। স্থানীয় সূত্রের আরও খবর, ১০০ দিনের প্রকল্পে প্রায় ৭ লক্ষ টাকায় এই কাজ হবে। বর্ষার পরই জোরকদমে এই কাজ শুরু হয়ে যাবে। মথুরাপুর-২ নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারপুর পঞ্চায়েতের মহবতনগর ও মধুসূদনচক মৌজায় প্রায় ৩ কিলোমিটার বাঁধে প্রাথমিকভাবে শুরু হবে এই কাজ। স্থানীয় মানুষের অভিযোগ, ভরা জোয়ার, কোটাল বা ভারী বৃষ্টি হলেই জলোচ্ছ্বাসে ধস নামছে মাটির বাঁধে। এক্ষেত্রে প্রতিদিনই নদীতে তলিয়ে যাচ্ছে নদীর পাড়।
নন্দকুমারপুর ও কঙ্কণদিঘি এলাকায় এই সমস্যা সমাধানে বিশেষ ভাটিভার ঘাস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, এটি গুল্ম জাতীয় ঘাস ৬ ইঞ্চি থেকে ১ ফুটের মত উচ্চতা হয়। এই শিকড় মাটির নিচে ৭ থেকে ১৩ ফুট পর্যন্ত যেতে পারে। ঘাসটি ভূমিক্ষয় রোধে বিশেষ সাহায্য করে। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে এবং কঙ্কন রেলওয়েতেও রেললাইনের জমির ধস রোধ করতে এই ঘাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষেত্রে ভাঙন কবলিত এলাকায় নদী বাঁধ ঠেকাতে এই ধরনের ঘাস বসানোর জন্য জেলা প্রশাসনের কাছে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই তৎপরতা শুরু করেছে ব্লক প্রশাসন।

