ভার্চুয়াল ব্যবস্থা ডাক্তারির প্র্যাকটিক্যাল পরীক্ষায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এই প্রথম ডাক্তারির প্র্যাকটিক্যাল পরীক্ষায় চালু হবে ভার্চুয়াল ব্যবস্থা। সূত্রের খবর, ভারতের মেডিক্যাল শিক্ষার ইতিহাসে এই প্রথমবার এই ব্যবস্থা। জানা গিয়েছে, রোগী না পেলে মডেল বা রোগীর মতো দেখতে কোনও কিছু বা কম্পিউটার পরিচালিত কোনও ব্যবস্থা বা ভার্চুয়াল মাধ্যমেও প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া সম্ভব হবে। করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)। সংস্থার বোর্ড অব গভর্নর্সের পক্ষ থেকে এক নির্দেশিকায় একথা জানানো হয়। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে এমডি-এমএস-এর ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। সেখানে ডিগ্রি হোক বা ডিপ্লোমা– ক্লিনিক্যাল বিষয়গুলিতে মেডিসিন, সার্জারি ও গাইনি প্রভৃতি পড়ুয়াকে একটি বড় “কেস” ও দুটি ছোট “কেস” বোঝাতে হয়। এ বিষয়ে আরও জানা গিয়েছে, বিভিন্ন মেডিক্যাল কলেজ ইতিমধ্যেই এমসিআই-কে জানিয়েছে করোনা পরিস্থিতির মধ্যে রোগীই পাওয়া যাচ্ছে না। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কীভাবে তারই পরিপ্রেক্ষিতে বোর্ড অব গভর্নর্স শুধু এ বছরের জন্য এই ছাড় দিয়েছে বলে জানা গিয়েছে।

