বিধাননগর পৌর নিগমের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে: অনিতা
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। জঞ্জাল-আবর্জনা পরিষ্কার না করা হলে এখান থেকেই জন্ম নিতে পারে ডেঙ্গু মশা। এমনই অভিযোগ বৈশাখী আবাসনের বাসিন্দাদের। আর সেই কারণেই আজ সকাল থেকে সল্টলেকের বৈশাখী আবাসনের আবাসিকরা মেন্টেনেন্স অফিসে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সূত্রের খবর, এই বিক্ষোভে সামিল ছিলেন বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন অনিতা মন্ডল।এদিন অনিতাদেবী অভিযোগ করা জানান, কন্ট্রাক্টররা টেন্ডার নিলেও সঠিকভাবে কাজ করছে না। পৌর নিগমের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এটা বরদাস্ত করা হবে না। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, এলাকায় জঞ্জাল জমে থাকায় ডেঙ্গুর আতঙ্কে ভুগছে সবাই। অবিলম্বে পরিষ্কার করার দাবিতে এই বিক্ষোভ করা হচ্ছে।
তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে জানান, এতে কাজ না হলে সব কিছু জানান হবে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। অন্যদিকে আবাসিকদের দাবি, সল্টলেক জুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সেখানে দাঁড়িয়ে ডেঙ্গু আতঙ্কও তাড়া করে বেড়াচ্ছে বৈশাখী আবাসনের বাসিন্দাদের। আবাসিকদের আরও অভিযোগ, আবাসন জুড়ে গজিয়ে উঠেছে জঞ্জাল। বৃষ্টি হলেই জমে থাকছে জল। বার বার করে বলা সত্বেও কেউ কর্ণপাত করেনি।
শুধু তাই নয় বাচ্চাদের চিলড্রেন পার্কও ভরে গেছে জঙ্গলে। আর এই সব কারণে তৈরি হতে পারে ডেঙ্গু মশা যা তাদের জন্য বিপদজনক হতে পারে বলে দাবি আবাসিকদের। অবিলম্বে এই সব পরিষ্কার করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখানো হয় বলেও জানান আবাসিকরা। এদিন চেয়ারপারসন অনিতা মন্ডল ঘুরে দেখেন গোটা আবাসন। ডেকে পাঠান আধিকারিকদের। তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
যদিও আধিকারিক না এসে একজন প্রতিনিধি আসেন। তাকে সমস্ত কিছু বলা হয়। তাকে নিয়ে ঘুরে দেখান হয় গোটা আবাসন।

