পর্যটন ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ গাইড-লাইন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পর্যটনকেন্দ্র খোলার জন্য মেনে চলতে হবে ৯টি নিয়ম। সূত্রের খবর, রাজ্যে করোনা সংক্রমণ রুখতে পর্যটন ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ গাইড-লাইন তৈরি করে দিয়েছে পর্যটন দপ্তর। হোটেল, রিসর্ট ও ট্যুর অপারেটরদের এই গাইড-লাইন মেনে চলতে হবে। গাড়ি চালকদেরও সরকারি এই নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, এই গাইড-লাইনে পর্যটকদের মধ্যে সংক্রমণ সংক্রান্ত সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে পর্যটন কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও। আবার প্রতিটি পর্যটকদের কাছ থেকে সেল্ফ ডিক্লেয়ারেশন নেওয়ার কথাও বলা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, হোটেলে প্রতি ৫০টি ঘর পিছু একটি করে আইসোলেশন রুম রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এই গাইড-লাইন একনজর দেখে নেওয়া যেতে পারে।
হোটেলে প্রবেশ করার আগে মুখে মাস্ক থাকতে হবে। পর্যটকদের হোটেলে ঢোকানোর সময়ে শরীরের তাপমাত্রা মেপে দেখা জরুরি। আবার প্রত্যেক পর্যটকের কাছ থেকে করোনা সংক্রান্ত সেল্ফ ডিক্লেয়ারেশন নিতে হবে। পাশাপাশি হোটেলের রুমে পর্যটকদের প্রয়োজনীয় পরিমাণ ও সঠিক মানের স্যানিটাইজার সরবরাহ করতে হবে। অন্যদিকে প্রতি ৫০টি রুম পিছু একটি ঘর ফাঁকা রাখতে হবে আইসোলেশন রুম হিসাবে ব্যবহার করার জন্য। করোনা পরিস্থিতির প্রোটোকল নিয়ে হোটেল কর্মীদের ও প্রশিক্ষণ দিতে হবে। গাড়ি চালকদের যাত্রীদের সঙ্গে শারীরিক দূরত্ব-বিধি বজায় রাখতে হবে। আবার প্রয়োজনে গাড়িতে ফাইবার গ্লাসের দেওয়াল ব্যবহার করতে হবে। সংক্রমণ এড়ানোর জন্য ডিজিটাল লেনদেনে পর্যটকদের উৎসাহ দেওয়া দরকার। সংক্রামিত রোগী দেখলে স্বাস্থ্য দপ্তরকে দ্রুত জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

