কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অসমে বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ। স্থানীয় সূত্রের খবর, এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা সরকারিভাবে দাঁড়িয়েছে ৭৩৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ প্রবল বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদ বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে। স্থানীয় সূত্রের আরও খবর, বেশ কয়েকটি জেলা প্লাবিত। কয়েক লক্ষ মানুষ বন্যার কবলে। গ্রাম সহ চাষের জমি, বন্যপ্রাণী– ব্রহ্মপুত্রের গ্রাসে চলে গিয়েছে।
সূত্রের আরও খবর, কাজিরাঙা জাতীয় উদ্যানে ৮৬টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বন্যায়৷ কাজিরাঙা জঙ্গলের ৮৫ শতাংশের বেশি অংশই জলের নিচে চলে গিয়েছে বলে খবর। ২৩৩টির মধ্যে ৮০টি ক্যাম্প ভেসে গিয়েছে। কাজিরাঙা জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে৷ আবার গাড়ি চাপা পড়ে ও জলে ডুবে মারা যাচ্ছে বন্যপ্রাণীরা। আবার রয়্যাল বেঙ্গল টাইগার ও গণ্ডার-সহ ১২৫টি বন্যপ্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
অসম বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর, ধুবরি, বরপেটা, মরিগাঁও, লখিমপুর, দারাং, গোলাঘাট, গোয়ালপাড়া সহ বঙ্গাইগাঁওয়ের পরিস্থিতি উদ্বেগজনক। ধুবরিতেই কয়েক লক্ষ মানুষ বন্যার শিকার। বহু গ্রাম জলমগ্ন। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছেন সেখানকার মানুষ ও প্রাণীকুল।

