করোনা আবহে তারাপীঠে ঝুঁকি নিয়েই চলছে মায়ের দর্শন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : তারাপীঠে মা তারার দর্শন চলছে। সংক্রমণ এড়ানোর জন্য প্রবেশদ্বারগুলিতে বসানো হয় স্যানিটাইজার টানেল। পাশাপাশি দূরত্ব বিধি মেনে চলার সবরকম ব্যবস্থা রেখে গত ২৩ জুন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল তারাপীঠে মায়ের মন্দির। জীবাণুমুক্ত করার সেই ব্যবস্থা নিয়ে নানামহলে জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ৩টির মধ্যে দুটি স্যানিটাইজার টানেল বিকল হয়ে পড়েছে বলে অভিযোগ। এমনকী শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব বিধিও। স্থানীয় সূত্রের আরও খবর, রাজ্য ছাড়াও ভিন রাজ্যের পুণ্যার্থীরা ভিড় করছেন এই সিদ্ধপীঠে। সেই কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েই চলেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মন্দিরের ৩টি প্রবেশদ্বারে জীবাণুমুক্ত করার জন্য টানেল বসানো হয়। যার মধ্যে দুটি পুণ্যার্থীদের জন্য এবং তৃতীয়টি সেবাইতদের ব্যবহারের জন্য। সেই টানেল দিয়ে মুখে মাস্ক পরে পুণ্যার্থীদের প্রবেশ করার কথা জানানো হয়। এক্ষেত্রে ভিন জেলা বা রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের থেকে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তা দেখা। দুটি টানেল বিকল হয়ে যাওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেবাইতদের একাংশের বক্তব্য, প্রতিদিনই ভোর থেকে রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। দুটি টানেল বিকল হয়ে পড়েছে। করোনা পরিস্থিতিতে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। সেবাইতদের একাংশ আরও জানিয়েছেন, তারাপীঠ মন্দির চত্বর অত্যন্ত জনবহুল এলাকা। সেখানে বহিরাগতদের ঠিকভাবে জীবাণুমুক্ত করা না হলে গোটা এলাকা সংক্রামিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মন্দির কমিটির দায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করবে। আবার কোনও সেবাইত আক্রান্ত হলে বন্ধ হয়ে যাবে মন্দিরও।

