পুজোর আগে চলার সম্ভাবনা রয়েছে স্পেশাল মেট্রোর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কিছুদিন পরেই বাঙালীর সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। করোনা আবহে সব কিছুই বদলে গিয়েছে। এর ফলে এবছর আর বিগত বছরের মতো পুজো হবে না বলে মনে করছেন সাধারণ মানুষ। এবার পুজো কমিটিগুলি তাদের বাজেটের অনেক কাটছাঁট করেছে। তবে পুজোয় সাধারণ মানুষের মধ্যে ঠাকুর দেখার একটা আলাদা অনুভূতি থাকে। অন্যদিকে দুর্গাপুজোয় মেট্রোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যাত্রী পরিষেবার ক্ষেত্রে। এক্ষেত্রে পুজোর আগে চলার সম্ভাবনা রয়েছে স্পেশাল মেট্রোর। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর, রাজ্য সরকার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছে পুজোতে মেট্রো চালু রাখার জন্য। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সকল যাত্রীদের মেট্রো পরিষেবার ক্ষেত্রে থাকছে কিছু নিয়মাবলী। মেট্রো সূত্রের খবর, যাত্রীদের সকলের কাছে স্মার্টকার্ড, স্মার্ট ফোন ও তাতে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। পাশাপাশি জানা গিয়েছে, বিকাল ৪টে থেকে ভোর ৪টে অবধি চলবে এই পরিষেবা। সূত্রের আরও খবর, মেট্রো পরিষেবা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চলবে। তবে ওই চারদিন সকালে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। দুই প্রান্ত থেকে রাত ৩টের সময় মেট্রো ছাড়বে বলে জানা যায়। ভোর ৪টের মধ্যে সব পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে সব কিছুই নির্ভর করছে মেট্রো কর্তৃপক্ষের ওপর।

