হোয়াইট হাউসের বাইরে চলল গুলি, আহত ১

White-House

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: হোয়াইট হাউসের বাইরে চলল গুলি। সূত্রের খবর, হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। সাংবাদিক বৈঠকের মধ্য থেকে তড়িঘড়ি সরানো হল ট্রাম্পকে। জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গুলিতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের আরও খবর, এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক বৈঠকে বসেছিলেন। আচমকাই বৈঠকের মধ্যে থেকে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। এরপরই হোয়াইট হাউসের লনে হাতে অটোমেটিক রাইফেল, কালো পোশাক পরা সিক্রেট সার্ভিসের লোকজনদের দেখা যায়। জানা গিয়েছে, এর কয়েক মিনিট পর আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সাংবাদিকদের জানান, হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করা হয়েছে। পাশাপাশি সিক্রেট সার্ভিস টুইট করে বলেছে, সেভেনটিন্থ স্ট্রিট ও পেনিসিলভ্যানিয়া অ্যাভিনিউয়ের মধ্যে ওই শ্যুটিংয়ের ঘটনায় তাদের এক অফিসার যুক্ত রয়েছেন। এদিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওই ব্যক্তির পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে তিনি কিছুই জানেন না।

অন্যদিকে, সে সশস্ত্র ছিল কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, যা শুনেছেন, তাতে মনে হচ্ছে, হ্যাঁ। তবে হয়তো এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, কারণ গোটা ঘটনা ঘটেছে হোয়াইট হাউসের বাইরে। ফলে নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত হয়নি বলেও দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউস সূত্রে খবর, আশপাশের রাস্তাগুলি আটকে দেওয়া হয়েছে। ঘোরাফেরা করছে পুলিশ ও অন্যান্য আধিকারিকদের গাড়ি। চলছে চেকিংও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *