Bengal ChamicalMiscellaneous 

বেঙ্গল কেমিক্যালে রেকর্ড ফিনাইল উৎপাদন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নতুন রেকর্ড তৈরি হল বেঙ্গল কেমিক্যালে। একদিনে ৫০ হাজারের বেশি বোতল ফিনাইল উৎপাদন করেছে এই সংস্থা। ১২০ বছরের ইতিহাসে এটাই তাদের সর্বোচ্চ উৎপাদন। বেঙ্গল কেমিক্যাল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পি এম চন্দ্রাইয়া গত ২৩ আগস্ট নিজে উপস্থিত ছিলেন পানিহাটির কারখানায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির আগে সাধারণভাবে দিনে ১৫ হাজার বোতল ফিনাইল তৈরি করা হত। করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ ও ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ফিনাইল কেনার চাহিদা বেড়ে গিয়েছে।

জুলাইয়ে একদিনে ৩৮ হাজার বোতল ফিনাইল উৎপাদন করে রেকর্ড গড়েছিল বেঙ্গল কেমিক্যাল। তারপর ১ মাসের মধ্যেই সেই রেকর্ড ভেঙে ৫১ হাজার ৯৬০ বোতল ফিনাইল উৎপাদন করে সংস্থা। প্রত্যেকটি বোতলে রয়েছে সাড়ে ৪০০ এমএল ফিনাইল। সংস্থার এক পদস্থ কর্তা জানান, ৪৫০ এমএল, ৫ লিটার ও ২০ লিটারের জারে পাওয়া যায় এই ফিনাইল। তবে সিগনেচার ব্র্যান্ড হল সাড়ে ৪০০ এমএল-এর বোতল। প্রাক-করোনা পরিস্থিতিতে মাসে প্রায় ৩ লক্ষ ছোট বোতল বিক্রি হত। সেখানে এই আগস্টে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৬ লক্ষ বোতল। শুধু কলকাতা-সহ বাংলার বাজারই নয়, দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা আছে এই ফিনাইলের। বাণিজ্যিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও চাহিদা রয়েছে। সূত্রের খবর, কলকাতা পুলিশ, বিধাননগর কর্পোরেশন-সহ বহু সরকারি সংস্থাতেই এই ফিনাইলের চাহিদা রয়েছে।

Related posts

Leave a Comment