পুরীর শ্রীক্ষেত্রে নিয়ম-নীতি মেনেই প্রবেশ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পুরীর শ্রীক্ষেত্রে আবারও প্রভু জগন্নাথের দর্শন। সাধারণ ভক্তরা এই খবরে খুশি। ধাপে-ধাপে মন্দিরের প্রথম পর্যায়টি সকাল ৭টায় শুরু হবে। আগামী ২৬ তারিখ পর্যন্ত শুধু সেবায়েতরা এবং তাঁদের পরিবারের সদস্যরা প্রভুর দর্শন পাবেন। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত শুধু পুরীর বাসিন্দারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। পুরীর শ্রীক্ষেত্রে এতদিন পর্যন্ত শুধু সেবায়েতরাই ন্যূনতম সংখ্যায় মন্দিরে প্রবেশ করতে পেরেছেন। দেবসেবায় নিয়োজিতরাই নির্ঘন্ট অনুযায়ী মন্দিরে প্রবেশ করেছেন।
ওই মন্দিরের সেবায়েত তথা বড়গ্রাহী ও ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৫০০০ জন প্রবেশ করতে পারবেন। প্রথমে সেবায়েত পরিজনদের অনুমতি দেওয়া হয়েছে। তারপর স্থানীয়দের প্রবেশাধিকার দেওয়া হবে। উল্লেখ করা যায়, পুরীর বাসিন্দারা সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণেই ভিড় ছাড়া রথযাত্রা বা কার্তিক ত্রয়োদশীতে মন্দিরের আচার-অনুষ্ঠান সু-সম্পন্ন হয়েছে।
মন্দির কমিটি পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনের অধিকার দেওয়া হচ্ছে স্থানীয়ভাবে। পরবর্তীতে নতুন বছরের প্রথম সপ্তাহে সব ভক্ত সুস্থতার প্রমাণ দিয়ে করোনা আবহে বিধি মেনে শ্রী জগন্নাথ দর্শন করতে পারবেন। লাইনে দূরত্ব বিধি মেনে মাস্ক ব্যবহার করে দর্শন করা যাবে। শ্রী জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, ফুল বা প্রদীপের মতো কোনও সামগ্রী হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। এ বিষয়ে স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, পুরীর বাসিন্দাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি টোকেন দিয়ে পুর প্রশাসন দর্শনের দিন ও সময় বেঁধে দেবে। কারা করোনা পরিস্থিতিমুক্ত তা খতিয়ে দেখা হবে। এরপর বাইরের সমস্ত দর্শনার্থী ও ভক্তদের পরীক্ষা করিয়ে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে।

