প্রান্তিক শ্রেণির মহিলাদের আত্মনির্ভর করতে নয়া প্রকল্প
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার “মীন মিত্রা” কর্মসূচির মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্ব-নির্ভর করার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের সার্থক প্রয়োগ রাজ্যের মহিলাদের সার্বিক উন্নয়নে নতুন পথ উন্মোচিত হয়েছে। এবার প্রান্তিক শ্রেণির মহিলাদের আত্মনির্ভর ও কর্মসংস্থানের লক্ষ্যে নয়া প্রকল্প শুরু মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঞ্চায়েত দপ্তর “মীন মিত্রা” নামে নতুন কর্মসূচি চালু করেছে। এক্ষেত্রে মূল উদ্দেশ্য- রাজ্যের কয়েক লক্ষ মহিলাকে মাছ চাষের প্রশিক্ষণ দিয়ে স্ব-নির্ভর করে তোলা।
রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বাংলার কয়েক লক্ষ নারী শক্তির জাগরণ ঘটবে বলে মনে করা হচ্ছে। লকডাউন পর্বে পঞ্চায়েত দপ্তর মহিলাদের স্ব-নির্ভর করতে নিরলস প্রয়াস নিতে চলেছে। আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুসারে এই কাজে নেমেছে পঞ্চায়েত দপ্তর। গ্রামীণ এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই ছোট-বড় পুকুর রয়েছে। তার মধ্যে অধিকাংশই স্নান করা ও বাসন ধোয়া ছাড়া ব্যবহার হয় না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী চাইছেন, ওই পুকুরে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করুন মহিলারা। রাজ্য সরকার উপযুক্ত প্রশিক্ষণ ও পরিকাঠামোগত সুবিধা দেবে। “মীন মিত্রা” প্রকল্পে রাজ্যের ৩৪১টি ব্লক থেকে ২ জন করে অর্থাৎ ৬৮২ জন মহিলাকে বাছাই করা হয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা।

