শহরের পাম্পিং স্টেশনে স্বয়ংক্রিয় ক্লিনিক মেশিন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শহরের সব পাম্পিং স্টেশনে বসছে নিকাশির স্বয়ংক্রিয় যন্ত্র। পুরসভা সূত্রের খবর, শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে সবকটি পাম্পিং স্টেশনে স্বয়ংক্রিয় ক্লিনিং মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, কলকাতার ৭৪টি পাম্পিং স্টেশন রয়েছে। ধাপে ধাপে এই কাজ করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভা সূত্রের আরও খবর, ১৭টি স্টেশনে প্রায় ৩০টি এই ধরনের যন্ত্র লাগানো রয়েছে। এসবের মধ্যে বেশ কয়েকটি খারাপ হয়ে গিয়েছে। অকেজো স্বয়ংক্রিয় নিকাশি যন্ত্রগুলি জরুরি ভিত্তিতে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যন্ত্রের অভাবে জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে অনেকটাই সমস্যা বেড়েছে। এক্ষেত্রে সাফাই কর্মীদের ম্যানুয়াল মেশিন দিয়েই পরিষ্কার করতে হচ্ছে। পুরসভা সূত্রে আরও জানা যায়, সব পাম্পিং স্টেশনে এই যন্ত্র লাগানো হলে শহর কলকাতায় জমা জলের সমস্যা দূর হবে। আবার বিভিন্ন জায়গার নোংরা জল এসে পড়ে পাম্পিং স্টেশনে। অটো-ক্লিনিং মেশিন বা স্বয়ংক্রিয় যন্ত্রের মধ্যে দিয়ে যা প্রবাহিত হয়ে থাকে। সেখানেই আটকে যায় ভারী ময়লা-আবর্জনা। এরপর তা পরিষ্কার করে অন্যত্র ফেলে দেওয়া হয়। নিকাশির জল খাল বা নদীতে গিয়ে পড়ে। এক্ষেত্রে কঠিন বর্জ্য থাকে না। এইসব সমস্যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

