মাধ্যমিকের প্রশ্নপত্রের নম্বর বিভাজন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের নম্বর বিভাজন প্রকাশ করেছে। সূত্রের খবর, সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের পরে ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরেও বোর্ড কেন নম্বর বিভাগ প্রকাশ করছে না, তা নিয়ে শিক্ষক সংগঠনরা প্রশ্ন তুলেছে। মঙ্গলবার বোর্ড দশম শ্রেণিতে মকটেস্টের পরামর্শ দেওয়ার পরে আবারও এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠল। উল্লেখ্য, পর্ষদ সাঁওতালি ও গুজরাতির মতো বাকি বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যক্রমও প্রকাশ করেছে।
অন্যদিকে শিক্ষক ও পড়ুয়াদের একটি বিষয় সম্পর্কে খুশি হওয়া উচিত। তবে নম্বর বিভাজনে তেমন পরিবর্তন হয়নি। প্রশ্নের সংখ্যা গত বছরের মতোই। এক্ষেত্রে অনেকের প্রত্যাশা ছিল ছোট প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা। তা হয়নি। এক্ষেত্রে শিক্ষকদের একটা অংশের বক্তব্য, প্রাথমিকভাবে পরীক্ষার্থীদের কিছুটা অসুবিধা হতে পারে। তবে অনুশীলনের মাধ্যমে সমস্যা দূর হবে।

