রাজীব গান্ধির হত্যাকারী নলিনীর আত্মহত্যার চেষ্টা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জেলেই আত্মহত্যার চেষ্টা করল প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারী নলিনী শ্রীহরণ৷ জেল সূত্রের খবর, সোমবার গভীর রাতে জেলের মধ্যে নলিনী আত্মঘাতী হওয়ার চেষ্টা করে৷ উল্লেখ্য, গত ২৯ বছর ধরে জেলবন্দি রয়েছে নলিনী৷ সূত্রের খবর, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নলিনীর আইনজীবী জানিয়েছেন, দীর্ঘ ২৯ বছরের কারাজীবনে প্রথমবার নলিনী এই ধরনের অন্তিম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করল৷ জেল সূত্রে আরও খবর, নলিনীর সঙ্গে আরেকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে সম্প্রতি বিবাদ হয়৷ বিষয়টি জেল আধিকারিক স্তর পর্যন্ত গড়ায়৷ অন্যদিকে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নলিনী আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী৷
প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে শ্রীরুম্বুদুরে একটি নির্বাচনী জনসভায় তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যা করে এলটিটিই-র এক আত্মঘাতী জঙ্গি৷ ওই হত্যা মামলায় নলিনী-সহ ৭ জন দোষী সাব্যস্ত হয়৷ রাজীব গান্ধি হত্যা মামলায় নলিনীর স্বামী মুরুগনও জেল খাটছে৷ এক্ষেত্রে নলিনীর স্বামী মুরুগন জেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে, নলিনীকে অন্য জেলে স্থানান্তরিত করার৷ আপাতত নলিনী ভেলোর জেলে রয়েছে৷

