নিজেকে শক্ত করে গড়ে তুলুন। জীবন সব সময় এক রকম চলবে না। তাই খারাপ পরিস্থিতিতে মনোবল হারালে চলবে না। নিজের ওপর ভরসা রাখতে হবে। বন্ধুত্ব-আত্মীয়তা সব চেনা মুখ হলেও আপনি বিপদে পড়লে সবার মুখ কিন্তু বদলে যেতে পারে। জীবনে চলার পথে যে মানুষগুলোর সঙ্গে নিত্য যোগাযোগ, জীবনে ঝড় এলে তাঁরাই দূরে সরে যেতে পারেন। অনেকেই সুখের অংশ হতে ইচ্ছা প্রকাশ করেন। তবে দুঃখের সময় সেই মানুষগুলোর উপস্থিতি দেখতে পাবেন না। সব সময় মনে রাখবেন, আপনার চারিদিকে ভিড় লক্ষ্য করবেন কিন্তু সেই ভিড় আপনার পাশে দাঁড়াবে না।
সব মানুষই নিজের নিরাপত্তার কথা ভেবে চলেন। নিজ স্বার্থ আর সুবিধার কথাই সেখানে প্রাধান্য পায়। কান্না, একাকীত্ব ও আপনার সংগ্রাম সেখানে মুখ্য নয়, গৌণ। সেই কারণে নিজের ভিতরের শক্তি এমনভাবে গড়ে তুলতে চেষ্টা করুন, যাতে কোনও ঝড়ই যেন আপনাকে ভাঙতে না পারে। নিজেকে দৃঢ় করুন। পাহাড়ের মতো অটল থাকতে চেষ্টা করতে হবে। হোঁচট খেয়ে পড়লে ফের যাতে উঠে দাঁড়াতে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় সহায় আপনি নিজেই।

