ভারত-রাশিয়া অনলাইন দাবা ওলিম্পিয়াডে যুগ্ম চ্যাম্পিয়ন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দাবা ওলিম্পিয়াডে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত-রাশিয়া। অনলাইন দাবা ওলিম্পিয়াডে যুগ্ম চ্যাম্পিয়ন হল দুটি দেশ। সূত্রের খবর, ইন্টারনেট সার্ভার বসে যাওয়ায় ফাইনাল পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এরপর দুই দেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করে আয়োজকরা। জানা গিয়েছে, ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় ভারতের দুই দাবাড়ু নিহাল সারিন ও দিব্যা দেশমুখ সময়ে চাল দিতে পারেননি। এরপর প্রাথমিকভাবে রাশিয়াকে বিজয়ী ঘোষণা করলেও ভারত এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করে। পরবর্তীতে ফিডে প্রেসিডেন্ট আরকেডি ডোভরকোভিচ দুটি দলকেই সোনার পদক প্রদান করেন।
এরপরই বিশ্বনাথন আনন্দ ট্যুইট করে প্রতিক্রিয়ায় জানান, আমরা চ্যাম্পিয়ন, রাশিয়াকে অভিনন্দন। উল্লেখ্য, এই প্রথম আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডে অনলাইন ফরম্যাটে দাবা ওলিম্পিয়াডের আয়োজন করে। ফাইনালের প্রথম রাউন্ড ৩-৩ ফলাফলে ড্র হয়। দ্বিতীয় রাউন্ডে রাশিয়া জয়ী হয়। এই রাউন্ডে আনন্দ ড্র করেন। বিশ্ব রাপিড চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি পরাজিত হয়েছেন। ভারতকে ফাইনালে পৌঁছে দেওয়ার কারিগর হাম্পি। যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পর কোনেরু হাম্পির মন্তব্য, আমরা প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় আমাদের পরাজিত করা হয়। বোর্ডের বাইরে শেষ পর্যন্ত লড়াই করে আমরাই জয়ী হয়েছি।

