প্রকৃত মানুষ চিনবেন কি করে?
মানুষের জীবন এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া নিয়েই মানুষের জীবন। জীবন থাকে দোলাচলে। সময় সবসময় একরকম ধারায় বয়ে চলে না। কখনো চলার পথটা থাকে আলোয় ভরা। আবার কখনও বা অন্ধকার। জীবনের এক একটা সময় জীবনের আকাশ মেঘে ঢেকে যায়। সেই কালো মেঘ থেকে বেরনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। সেই সময়েই প্রকৃত মানুষটিকে আপনি চিনতে পারবেন। মনে রাখবেন, কঠিন সময় আসলে সত্যিকারের আসল মানুষটাকে চিনতে পারবেন। যে মানুষ এগিয়ে এসে পাশে দাঁড়ায় সেই প্রকৃত অর্থে মানুষের পর্যায়ে পড়ে। মানুষের প্রকৃত ভালোবাসা, সহানুভূতি ও উপস্থিতি কোনও অর্থমূল্যেই তা পরিশোধ করা সম্ভব নয়। তার ঋণও শোধ হয় না। কৃতজ্ঞতা আর সম্মান বয়ে বেড়াতে হয় আজীবন। কঠিন সময়েই প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয়ে থাকে।
বন্ধু, আত্মীয়, প্রিয়জন আপনার ভালো সময়ে পাশে থাকবে। পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। অসময়ে পাশে পাবেন না সবাইকে। যে মানুষ ভালোবাসা দিয়ে পাশে থাকে তাকে হৃদয়ের সবচেয়ে সম্মানিত স্থানে বসানো উচিত। সাহায্য নেওয়া মানেই কিন্তু ঋণ নেওয়া নয়। একজন ভালো মানুষ সব সময় চায়, আপনি যাতে প্রতিকূল অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারেন। এক্ষেত্রে প্রতিদান মানে-তার প্রতি আজীবন সম্মান প্রদর্শন করা।

