Durga pujo-2Miscellaneous 

‘গাইডলাইন’ মেনেই রাজ্যে দুর্গোৎসব চলবে, ইঙ্গিত নবান্নের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসছে থানা। পুজো প্রস্তুতির ক্ষেত্রে তৎপরতা শুরু করেছে নবান্ন। এক্ষেত্রে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভাও। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে পুজো কমিটিগুলির সঙ্গে পুলিশ-প্রশাসনের নিবিড় সমন্বয় গড়ে তুলতে প্রয়াসী হল রাজ্য সরকার। প্রশাসনের একমাত্র লক্ষ্য- করোনা আবহের মধ্যেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব ও তার ঐতিহ্যকে ধরে রাখা। সূত্রের আরও খবর, নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি থানায়।

ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, জেলার বড় পুজো কমিটিগুলিকে একটি তালিকা তৈরি করতে হবে। সেই মতো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবে স্থানীয় থানা। জানা গিয়েছে, কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের সঙ্গে দুর্গাপুজো সংক্রান্ত বিষয়ে একপ্রস্থ আলোচনা করেছেন পুর-কমিশনার বিনোদ কুমার। আবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম চূড়ান্ত বৈঠকে বসবেন, এমনটাইও জানা গিয়েছে।

সরকারি ওই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাজ্যের প্রধান উৎসব দুর্গাপুজোয় বাধা হয়ে দাঁড়াতে পারবে না করোনা পরিস্থিতি। পুজো প্রক্রিয়া চলবে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। অন্যদিকে পুজোর আর বাকি ৪০ দিনেরও কম। এখনও তেমনভাবে প্রস্তুতি শুরু করতে পারেননি আয়োজকরা। পাশাপাশি মণ্ডপে কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে পুজো করা যাবে, তা নিয়ে নাজেহাল পুজো কমিটিগুলি। প্রশাসনিক সূত্রের খবর, কলকাতায় প্রায় ৩ হাজারের মতো দুর্গাপুজো হয়। আবার রাজ্যের পুর ও পঞ্চায়েত এলাকাগুলিতে ছোট-বড় মিলিয়ে পুজোর সংখ্যা প্রায় ২৮ হাজারের কাছাকাছি। ভিড় নিয়ন্ত্রণ-সহ করোনা আবহে সংক্রমণের মোকাবিলা করার ক্ষেত্রে পুজো কমিটিগুলির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করে পূর্ণাঙ্গ একটি রূপরেখা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ওই ‘গাইডলাইন’ মেনেই রাজ্যে দুর্গোৎসব চলবে, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে নবান্ন সূত্রে।

Related posts

Leave a Comment