কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতের প্রবীণতম ক্রিকেটার বসন্ত রাইজি (১০০) প্রয়াত। মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, গত জানুয়ারিতে শচীন তেন্ডুলকর ও স্টিভ ওয়াকে পাশে বসিয়ে শততম জন্মদিন পালন করেছিলেন প্রাক্তন এই প্রথম শ্রেণির ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান রাইজি ৪০-এর দশকে মুম্বই ও বরোদার হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। মোট ২৭৭ রান করেন তিনি। ১৯৪১ সালে বিজয় মার্চেন্টের নেতৃত্বে মুম্বই দলে অভিষেক হয়েছিল তাঁর। লালা অমরনাথ, সিকে নাইডু ও বিজয় হাজারের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন তিনি। অবসরের পর পরিসংখ্যানবিদ ও ক্রিকেট ঐতিহাসিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন রাইজি। দীর্ঘ ৮ দশক ধরে ভারতীয় ক্রিকেটকে দেখে আসা রাইজি ৮টি বই লেখেন মুম্বই তথা ভারতীয় ক্রিকেটের বিবর্তন নিয়ে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেট মহলও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ভারতের প্রবীণতম ক্রিকেটার বসন্ত রাইজি প্রয়াত

