মাছ চাষে উৎপাদন বাড়াতে একগুচ্ছ প্রকল্প দক্ষিণ ২৪ পরগনায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৩ বছরে মাছের উৎপাদন দ্বিগুণ করতে একগুচ্ছ প্রকল্প দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সূত্রের খবর, রাজ্যে মাছ উৎপাদনে শীর্ষস্থান পাওয়াই এখন লক্ষ্য ওই জেলার। আগামী ৩ বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা স্পর্শ করতে চায় ওই জেলা। পরিস্থিতি রূপায়ণে ইতিমধ্যেই একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাছ উৎপাদনে প্রথম স্থান দখল করে রয়েছে পূর্ব মেদিনীপুর। এক্ষেত্রে ওই জেলাকে টপকে যেতে ২.৫০ লক্ষ মেট্রিক টন থেকে ৫ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছেন জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা।
সূত্রের আরও খবর, জেলায় প্রায় ১১ হাজার ৩৮ বিঘা জলাশয় রয়েছে। যা মাছ চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। এখানে চাষের জন্য রুই, কাতলা ও মৃগেল মাছের চারা দেওয়া হবে। প্রত্যেক মৎস্যজীবীর ১ বিঘা জলাশয় রয়েছে ধরে নিয়েই এগোতে চাইছে স্থানীয় প্রশাসন। সেই হিসাব অনুযায়ী এই কাজের সঙ্গে যুক্ত হবেন ১১.০৩৮ জন মৎস্যজীবী। এর জন্য সরকারিভাবে ব্যয় হবে প্রায় সাড়ে ৫ কোটি টাকা। উল্লেখ্য, ১০০ দিনের কাজের মাধ্যমে জেলায় অনেক পুকুর কাটা হয়েছে। আবার অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৪ হাজার ৮৩ বিঘা জলাশয়।
বর্ষায় এবার জলের পরিমাণ বেড়েছে। সেখানে এখন মাছ চাষের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এরফলে উপকৃত হবেন ৭ থেকে ৮ হাজার মৎস্যজীবী। আবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিঙি ও মাগুর মাছের চাষের উপরেও। মৎস্য দপ্তর সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০০ বিঘা জমিতে এই মাছের চাষ করা হবে। তাতে ২০০ জন মৎস্যজীবীকে শিঙি ও মাগুর মাছের চারা দেওয়া হবে। এ বিষয়ে আরও জানা যায়, অনেক জায়গাতেই শিঙি-মাগুর মাছ পাওয়া যায় না। তাই এই প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

