এবার রেলের সম্পত্তি-সুরক্ষায় সামিল ড্রোন ও স্নিফার ডগ
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন রেলের কর্মীদের নিয়ে যাতায়াত করছে স্টাফ স্পেশ্যাল ট্রেন। তবে ভারতীয় রেল এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিবহন করছে পণ্য। এরজন্য রয়েছে বিশেষ ট্রেন। সময়ে পণ্য পরিবহণের চেষ্টায় সবটাই চলছে এখন ঝড়ের গতিতে। এই অবস্থায় স্টেশন, গুডস শেড, লাইন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্রিজে নজরদারি বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। সূত্রের খবর, কোভিড পরিস্থিতিতে রেলের সুরক্ষায় নজরদারি বাড়াতে এবার ড্রোনের সাহায্য নিল দক্ষিণ-পূর্ব রেল। পাশাপাশি লাইনে নজরদারির জন্য দক্ষিণ-পূর্ব রেলের ৪ ডিভিশনে কাজে নামানো হচ্ছে স্নিফার ডগকেও। উল্লেখ্য, নিয়মিত রেল চলাচল বন্ধ থাকলেও, স্পেশ্যাল ট্রেন পরিষেবা চালু রয়েছে। এছাড়া সময়ভিত্তিকে চলাচল করছে শ্রমিক স্পেশ্যাল ট্রেনও।
রেল সূত্রে খবর, কোভিড পরিস্থিতিতে সম্পূর্ণ কর্মী দিয়ে কাজ করানো এই মুহূর্তে অসম্ভব। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখেই এই কাজ করাতে হবে। এই পরিস্থিতিতে কর্মীদের কাজ করতে গিয়ে যাতে নজরদারিতে কোনও গাফিলতি না হয়, সেই কারণেই ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। রেল সূত্রে আরও খবর, দক্ষিণ-পূর্ব রেলের ৪ ডিভিশন খড়গপুর, চক্রধরপুর, আদ্রা ও রাঁচির বিভিন্ন জায়গায় মোতায়েন থাকছে এই ড্রোন। দক্ষিণ-পূর্ব রেলের আরপিএফ বিশেষ বাহিনী সূত্রে খবর, দিনে ও রাতে ড্রোনের সাহায্যে নজরদারিতে কোনও সমস্যা নেই। একটি নির্দিষ্ট জায়গা থেকে ড্রোনের সাহায্যে রেল লাইন, রিলে রুম, গুডস শেড সহ ২ কিলোমিটার পর্যন্ত এলাকায় স্পষ্ট ও পরিষ্কারভাবে নজরদারি করা যাবে।
এছাড়া ওই ৪ ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মোতায়েন করা রাখা হয়েছে প্রশিক্ষিত স্নিফার ডগ। রেল লাইনের নাশকতা ঠেকানোর জন্যে এই স্নিফার ডগের সাহায্য নেওয়া হবে বলেও জানা যায়। গুডস শেড এবং বিভিন্ন স্টেশনে আরপিএফ বা রেল সুরক্ষা কর্মী সমসময় পৌঁছনো বা থাকা সম্ভব নয় এমনটা ভেবেই রেলের সম্পত্তির সুরক্ষায় এবার ড্রোন ও স্নিফার ডগ ব্যবহার হতে চলেছে।

