মুখ্যমন্ত্রী পদে শপথ মমতার -অগ্রাধিকার করোনা ও আইনশৃঙ্খলা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১১,২০১৬ ও ২০২১সালে পরপর মুখ্যমন্ত্রী হলেন তিনি। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে এটি নজির। শপথ নিয়েই হিংসায় জড়ালে কাউকে রেয়াত করা হবে না বলেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানান, করোনা পরিস্থিতি সামাল দেওয়াই অগ্রাধিকার ৷ দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট পরবর্তী হিংসার বিষয়টি দেখা।
করোনা পরিস্থিতি নিয়ে বেলা সাড়ে বারোটায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমার প্রথম অগ্রাধিকার কোভিডকে নিয়ন্ত্রণ করা ৷ বেলা সাড়ে বারোটায় মিটিং ডাকা হয়েছে ৷ আর আমার দ্বিতীয় কাজ হবে রাজ্যে হিংসা বন্ধ করা ৷ আমি সবাইকে বলব, শান্ত থাকুন৷ বাংলা কিন্তু অশান্তি পছন্দ করে না৷ আমি আজ থেকে আইনশৃঙ্খলা সামলাব ৷ যেখানে যাঁকে দায়িত্ব দেওয়ার দেব, ঝামেলা করলে আমি কাউকে রেয়াত করব না ৷ কঠোর হাতে আমি এসব সামলাব ৷”
তিন মাস পুলিশ- প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল৷ কেউ কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ হবেন না বলেও মন্তব্য করেন তিনি।

