GraphMiscellaneous Trending News 

জিডিপি বৃদ্ধিতে আশার আলো

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা জনিত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। মন্দার পালা শেষ হতেই ০.৪ শতাংশ বৃদ্ধি দেখল জিডিপি। ভারতীয় অর্থনীতিতে মন্দার আবহ অনেকটাই কেটেছে। কোভিড পর্বে এবং লকডাউনের কারণে গত বছর এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বরের পর দুটি ত্রৈমাসিকে দেশের জিডিপি যথাক্রমে ২৩.৯ শতাংশ এবং ৭.৫ শতাংশ সঙ্কুচিত হওয়ায় মন্দার কবলে পড়ে ভারতীয় অর্থনীতি। এরপর জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও) সূত্রে জানা গিয়েছে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে দেশের জিডিপি সঙ্কোচন কাটিয়ে ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


উল্লেখ করা যায়, এই তথ্য অনেকটাই আশা জাগিয়েছে। তবে উদ্বেগ বাড়িয়েছে আগামী মার্চ মাসে শেষ হতে চলা পুরো অর্থবছরে এনএসও’র জিডিপির অনুমান। এনএসও সূত্রে আরও জানা যায়, ২০২০-২১ অর্থবছরে জিডিপি ৮ শতাংশ সঙ্কুচিত হতে পারে। ইতিপূর্বে এনএসও তাদের প্রথম আনুমানিক হিসাবে অর্থনীতির ৭.৭ শতাংশ সঙ্কোচন হবে বলে জানিয়েছে।
সম্প্রতি প্রকাশিত জিডিপি পরিসংখ্যান অনুযায়ী বলা হয়, ২০২০-২১ অর্থবছরে কৃষিক্ষেত্র ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় অনেকটাই কম। এনএসও এ বিষয়ে আরও জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র ৮.৪ শতাংশ এবং পরিষেবা ক্ষেত্র (বাণিজ্য, হোটেল, পরিবহন প্রভৃতি) ১৮ শতাংশ সঙ্কুচিত হবে।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে ভারতীয় অর্থনীতি মাত্র ৪ শতাংশ বৃদ্ধি পায়। এরপর করোনা মহামারী থাবা বসানোয় অর্থনীতি মুখ থুবড়ে পড়ে।
উল্লেখ্য, অক্টোবর-ডিসেম্বর পুজোর মরসুম হওয়ায় ব্যবসা-বাণিজ্য কিছুটা স্বাভাবিক হয়। অর্থনীতির সেই সেরে ওঠার গতি জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে আরও জোরালো হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে আশঙ্কা বাড়িয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ হওয়ায়।

Related posts

Leave a Comment