চলতি আর্থিক বছরে দেশে জিডিপি-র হার প্রায় ২৪ শতাংশ কমে গিয়েছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দেশে জিডিপি-র হার কমল প্রায় ২৪ শতাংশ। চরম আর্থিক মন্দারই ছবি ধরা পড়ছে। করোনা ও লকডাউনের জেরে দেশের অর্থনীতিতে ব্যাপক ধাক্কা। জানা গিয়েছে, চলতি আর্থিক বছরের প্রথম ৩ মাসে দেশের জিডিপি-র হার প্রায় ২৪ শতাংশ কমে গিয়েছে। এ প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সূত্রে জানা গিয়েছে, এই রিপোর্ট অত্যন্ত লজ্জার। প্রসঙ্গত, ২০১৯-২০ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়সীমায় দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৩.১ শতাংশ। করোনা পর্বে আশঙ্কা করা হয়েছিল পরবর্তী ত্রৈমাসিকে জিডিপি ১৪ থেকে ১৬ শতাংশ কম হবে। বাস্তব ক্ষেত্রে জিডিপি-র হার ২৩.৯ শতাংশ কমে নেগেটিভ গ্লোথে ঢুকে পড়ায় অর্থনীতির বিপজ্জনক ছবি সামনে এসেছে।
এর জেরে মুম্বই শেয়ার সূচক সেনসেক্সের পতন হয়েছে ৮৩৯ পয়েন্ট। এক্ষেত্রে বিপদের সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হয়েছে, চলতি জুলাই থেকে সেপ্টেম্বরের সময়সীমাতেও দেখা যায় এভাবেই জিডিপি কমছে, তাহলে সেক্ষেত্রে ভারতের অর্থনীতি প্রবেশ করবে ব্যাপক আর্থিক মন্দায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিগত ৪০ বছরে এই প্রথম এতবড় আর্থিক সঙ্কটের সামনে এসেছে। সরকারি সূত্রের খবর, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়সীমায় জিডিপি ধাক্কা খাবে তা প্রত্যাশিত ছিল। অন্যদিকে জুলাই মাস থেকে বেশ কিছু সেক্টর আবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে, এমনটাই জানা যায়।

