পুরুলিয়ায় কিষাণ মাণ্ডিতে কৃত্রিম মাছ চাষের প্রয়াস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কৃষকদের ফসল বিক্রির জন্য কিষাণ মাণ্ডি তৈরি হয়েছে। সূত্রের খবর, অনেক জায়গায় ভৌগোলিক দূরত্ব বা অন্যান্য বিবিধ কারণে সেই কিষাণ মাণ্ডি কার্যত ফাঁকা পড়ে। এবার ওই কিষাণ মাণ্ডিগুলিকে কৃষকদের স্বার্থে অন্যভাবে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করছে পুরুলিয়া বাজার সমিতি। উল্লেখ্য, পুরুলিয়া জেলায় ১৩টি কিষাণ মাণ্ডি রয়েছে। স্থানীয় সূত্রে খবর, যার মধ্যে ৯টি কৃষক বাজারের উদ্দেশ্য নিয়ে চলছে। আবার ঝালদা, জয়পুর, হুড়া ও পুরুলিয়া ২ নম্বর ব্লকের কৃষকরা বাজারে সেভাবে আসছেন না। এই পরিস্থিতিতে যাতে কৃষিভিত্তিক বিকল্প কিছু করা যায়, তার উদ্যোগ নেওয়া শুরু।
স্থানীয় সূত্রের আরও খবর, সেখানে কৃষক বাজারে কৃত্রিমভাবে মাছ চাষের জন্য হাপা তৈরি করার উদ্যোগ শুরু হয়েছে। জানা গিয়েছে, জয়পুর ও ঝালদা এই দুটি কৃষক বাজারে এটা শুরু হচ্ছে। বাজার সমিতি এর জন্য পরিকাঠামো তৈরি করছে। মাছ চাষ করার যাবতীয় প্রক্রিয়া শেষ হবে মৎস্য দপ্তরের অধীনে। এ বিষয়ে পুরুলিয়া জেলায় নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফুট বাই ৮ ফুটের চৌবাচ্চা করে কই হাপা তৈরি হচ্ছে ঝালদা ও জয়পুর কৃষক বাজারে। ওই স্থানে বিকল্প হিসেবে কৃষকদের উন্নয়নের জন্য জেলা প্রশাসনের প্রচেষ্টায় ওই উদ্যোগ শুরু হয়েছে। পরবর্তীতে ওই কৃষক বাজারগুলিতে প্রাণিসম্পদ দপ্তরকে কাজে লাগানোর বিষয়ে উদ্যোগ নেওয়া শুরু হবে।

