নিজাম প্যালেসে ভার্চুয়াল অর্জুন পুরস্কার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ভার্চুয়াল অর্জুন পুরস্কার এ বার নিজাম প্যালেসে। সূত্রের খবর, অভিনব ভার্চুয়াল অনুষ্ঠানে নিজের শহরে থেকে বা প্রতিবেশী রাজ্য না গিয়েই এ বার খেলরত্ন, দ্রোণাচার্য, অর্জুন, ধ্যানচাঁদ পুরস্কার গ্রহণ করবেন পুরস্কার প্রাপকরা। উল্লেখ্য, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রতিবছর ২৯ অগস্ট ধ্যানচাঁদের জন্মদিনে রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। এবার কোভিড আবহে সেই চিরাচরিত অনুষ্ঠান হবে না। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সরাসরি পুরস্কার নিতে না পারলেও বিনেশ ফোগত, মনিকা বাত্রা, নরেন কুমার, অতনু দাস, দ্যুতি চাঁদরা জাতীয় ক্রীড়াদিবসে এই পুরস্কার নেবেন যথাযথ সামরিক মর্যাদায়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও রাষ্ট্রপতি ভবনের যৌথ ব্যাবস্থাপনায় ভার্চুয়াল অনুষ্ঠান হবে তাক লাগানো। সূত্রের আরও খবর, কলকাতা সহ দেশের ৫টি জায়গা ঠিক করা হয়েছে, যেখানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ২৯ অগস্ট। রাষ্ট্রপতি ভবন থেকে রামনাথ কোবিন্দ প্রাপকদের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে তা পাঁচ শহরে অনুষ্টান মঞ্চে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠবে তাঁদের ছবি। স্ক্রিনে রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়েই ভার্চুয়ালি পুরস্কার গ্রহণ করবেন প্রাপকরা।

