কোভিড মোকাবিলায় কমপ্লিট লক ডাউনের পথে বারাসাত
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ কোভিড মোকাবিলায় কমপ্লিট লক ডাউনের পথে বারাসাত পৌরসভা অঞ্চল। সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা সার্বিক লক ডাউন হবে। আংশিক লকডাউন শেষ হলেই বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে সম্পূর্ণ লক ডাউনের পথে যাওয়া হবে, বৈঠক করে ঐক্যমতে পৌঁছেছে বারাসাত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটর্স।
সোমবার বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় এবং প্রশাসক অশনি মুখোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেহারে কোভিড সংক্রমণ বাড়ছে তার মোকাবিলায় সাত থেকে দশদিনের কমপ্লিট লকডাউন করা হবে পৌরসভা অঞ্চল জুড়ে। কেবলমাত্র জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। যানবাহন চালু রাখার ভাবনাচিন্তাও চলছে । বারাসাত পৌরসভার অন্যতম প্রশাসক অশনি মুখোপাধ্যায় অন্য প্রশাসক সহযোগে বারাসাত স্টেডিয়ামে উদ্বোধন হতে চলা সেফহোম পরিদর্শন করে জানান, বিরোধী নেতারা যদি সর্বদলীয় বৈঠকে পৌরসভার প্রশাসক বোর্ডের ভাবনার সঙ্গে একমত হন তাহলে নিশ্চিতভাবেই বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে করা হবে কমপ্লিট লকডাউন।

