এবার দুর্গাপুজোর ধরন-ধারণ বদলে যাওয়ার সম্ভাবনা
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: এবার দুর্গাপুজোর ধরন-ধারণ অনেকটা বদলে যেতে চলেছে। করোনা আবহে এই পরিবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। দুর্গোৎসবের আর বাকি রয়েছে প্রায় সাড়ে ৩ মাসের মতো। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এ বছর দুর্গাপুজোর পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন উদ্যোক্তারা। সূত্রের খবর, এবার ভিন্ন পরিস্থিতিতে শহরের পুজো কমিটিগুলোর কাছে ১৭ দফা প্রস্তাব রেখেছে ফোরাম ফর দুর্গোৎসব।
করোনা সংক্রান্ত মোকাবিলায় ভাবনা-চিন্তা করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকেই। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নানা পরিকল্পনায় উদ্যোগী হয়েছে বিভিন্ন পুজো কমিটিগুলি। প্রতিমা আনা, পুজো ও বিসর্জন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ কীভাবে করোনা বিধি পালন করে পুজো সম্পন্ন করা যায়, তারই পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।
ফোরাম ফর দুর্গোৎসবের প্রস্তাবগুলির মধ্যে রয়েছে— মণ্ডপ ও প্রতিমার উচ্চতা অন্যবারের তুলনায় এ বছর কম করা, মণ্ডপ চারিদিক খোলা রাখার ব্যবস্থা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাড়ানো হোক প্রবেশ পথের দৈর্ঘ্য, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও একবারে ২৫-এর বেশি দর্শক নয় প্রভৃতি। এছাড়া শুধু রাতে নয়, সারাদিন ধরে প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়া ও আলোর কারুকার্য কমানোর কথাও বলা হয়েছে।
পাশাপাশি ট্যাঙ্কারের মাধ্যমে স্যানিটাইজার স্প্রে করার কথাও বলা হয়। আবার স্টলে বসে খাওয়া বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ভোগ ও নৈবেদ্যতে গোটা ফল এবং পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা, সন্ধিপুজোয় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। মণ্ডপশিল্পীদের স্বাস্থ্যরক্ষার দায় থাকছে পুজো কমিটির হাতেই। ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, উপাচারের সঙ্গে নানা আবেগ জড়িত। উপাচার বন্ধ করতে বলা হবে না, তবে চেষ্টা করলে উৎসবের বহর কমানো সম্ভব।

